জনবল সং ক টে বেহাল বিশ্বনাথের প্রাথমিক শিক্ষা অফিস
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

জনবল সং ক টে বেহাল বিশ্বনাথের প্রাথমিক শিক্ষা অফিস

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১১/১১/২০২৪ ১২:৪৬:২২ অপরাহ্ন

জনবল সং ক টে বেহাল বিশ্বনাথের প্রাথমিক শিক্ষা অফিস

ছবি নিজস্ব


শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু শিক্ষার পরিবেশ যেখান থেকে তদারকি করা হয় সেখানকার মেরুদণ্ড যদি ভাঙা হয়, তাহলে মেরুদণ্ড গড়বে কে? এমন বিস্তর প্রশ্ন নিয়ে চলছে সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিস। জনবল সংকটের কারণে ব্যাহত হচ্ছে উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম- এমনটি জানা গেছে অফিস সূত্রে। 

উপজেলায় মোট ১৩৩টি প্রাথমিক বিদ্যালয়ের দেখভাল করেন মাত্র ১ জন সহকারী শিক্ষা কর্মকর্তা। তিনি একাধারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষা কর্মকর্তার দায়িত্বও সামলাচ্ছেন। দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা সামলাচ্ছেন বিশ্বনাথ পৌরসভার ২টি ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্বও। সম্প্রতি পৌরসভা ভেঙে দেওয়ার ফলে এমন দায়িত্ব পড়েছে তাঁর কাঁধে।

অফিস সূত্রে জানা গেছে, সরকারি বিধি মোতাবেক উপজেলার এই অফিসে কর্মরত পদ সংখ্যা সর্বমোট ১২টি। রয়েছে ১টি প্রধান শিক্ষা কর্মকর্তা ও ৭টি সহকারী শিক্ষা কর্মকর্তার পদ। দপ্তরি, ইউডি, এলডি ও হিসাব সহকারীর পদ আছে ৪টি, কিন্তু ১টি পদে একজন আছেন কর্মরত। দপ্তরি ও চতুর্থ শ্রেণির কোনো কর্মচারী না থাকায় ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে অফিস ভবনে। ময়লা-আবর্জনা আর মাকড়সার জালে পুরো দোতলা ভবন দেখলে মনে হয় এ যেন এক পরিত্যক্ত স্থাপনা। পরিষ্কার ও আবর্জনা অপসারণে সাপ্তাহিকভাবে পালাক্রমে বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত দপ্তরিদের আনা হয় উপজেলা ঝাড়ু দিয়ে পরিস্কারের কাজ করাতে। 

সহকারী পদে থাকা মাত্র ১ জন শিক্ষা কর্মকর্তা দিয়ে একটি উপজেলার শিক্ষা কার্যক্রম পরিচালনা কিভাবে সম্ভব এমন প্রশ্ন উঠেছে। এছাড়া প্রধান কর্মকর্তার চাকরির মেয়াদ শেষ হলে তিনি গিয়েছেন অবসরে। উপজেলার সকল বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের বেতন রয়েছে বন্ধ। নতুন শিক্ষা কর্মকর্তার আগমন নিয়ে চলছে জটিলতা। গেল ২০ অক্টোবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হককে বিশ্বনাথে বদলির আদেশ জারি করে প্রাথমিক শিক্ষা দপ্তর। গত শনিবার (৯ নভেম্বর) বিশ্বনাথে তার কর্মস্থলে যোগদান করার কথা থাকলেও তিনি যোগদান করেননি। বিশ্বনাথ উপজেলায় তার আগমন ঠেকাতে ইতোমধ্যে ইনকিলাব সংসদ বিশ্বনাথ নামের একটি সংগঠনের ব্যানারে তার বিরুদ্ধে প্রতিবাদ, স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালনের মতো নানা কর্মসূচি অব্যাহত রয়েছে। বর্তমান শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ও নাস্তিকতার কারণ উল্লেখ করে বিশ্বনাথ থেকে অপসারণ করার দাবি করছেন আন্দোলনকারীরা। এতে করে বিশ্বনাথে তার আগমন ও যোগদান নিয়ে তৈরি হয়েছে সংশয়। 

রোববার (১০ নভেম্বর) অফিস চলাকালীন সময় সকাল ১০টায় সরেজমিনে পর্যবেক্ষণে গিয়ে শিক্ষা অফিসে কোনো কর্মকর্তাকে পাওয়া না গেলে খোঁজ নিয়ে জানা যায়, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. সুহেল রানা উপজেলার অলংকারী ইউনিয়নের একটি স্কুল ভিজিটে রয়েছেন। একজন কর্মকর্তা কম্পিউটারের কাজে ব্যস্ত। মাকড়সার জাল আর ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা পরিষ্কারের কাজ সামলাতে ফ্লোর ঝাড়ু দিচ্ছেন এক ব্যক্তি।

কথা হয় ঝাড়ু দেওয়া ব্যক্তি সুনুল হকের সাথে। তিনি রামপাশা ইউনিয়নের পালেচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি পোস্টে কর্মরত আছেন। তিনি জানান, তারা বিভিন্ন স্কুলের ৯ থেকে ১০ জন দপ্তরি মিলে এক সপ্তাহ করে উপজেলা শিক্ষা অফিসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে থাকেন। এজন্য বাড়তি কোনো বেতন-ভাতা দেওয়া হয় না তাদের।

নির্দিষ্ট প্রতিষ্ঠানে চাকরিরত থাকা অবস্থায় নিজ প্রতিষ্ঠানের কাজ ফেলে উপজেলা অফিসের কাজ করার বৈধতা রয়েছে কি না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্তৃপক্ষ যেটা বলেন আমরা সেটা করি। তবে এই অফিসে সরকারিভাবে কেউ না থাকায় পুরো অফিসটি অপরিষ্কার থাকে সবসময়। 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে জনবল সংকটের কারণে উপজেলায় প্রাথমিক শিক্ষার মান বজায় রাখা নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন স্কুলের শিক্ষক ও অভিভাবক- এমন অভিযোগ পাওয়া গেছে। অবিলম্বে শূন্যপদে কর্মকর্তা নিয়োগ দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রীর অভিভাবক সুমন মিয়াসহ বিভিন্ন স্কুলের একাধিক অভিভাবক এই দাবি জানান।

এ ব্যাপারে খাজাঞ্চি ইউনিয়নের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুশ শহীদ বলেন, সরকারি বিধি মোতাবেক ১ জন শিক্ষা কর্মকর্তা ও ৭ জন সহকারী শিক্ষা কর্মকর্তা যেখানে থাকার কথা, সেখানে ১ জন সহকারী শিক্ষা কর্মকর্তা দিয়ে একটি উপজেলার শিক্ষা কার্যক্রম পরিচালনা কিভাবে সম্ভব? কোনো কাজ নিয়ে অফিসে গেলে সময়মতো করা যায় না। এছাড়া শিক্ষা কর্মকর্তা না থাকায় আমাদের বেতন বন্ধ রয়েছে। 

বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের নানা সমস্যার কথা, শুন্য পদে জনবল নিয়োগ, শিক্ষার মান বজায় রাখা ও করণীয় বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতোমধ্যে অবগত করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. সুহেল রানা। এসব বিস্তর সমস্যার কথা স্বীকার করে তিনি বলেন, দ্রুত জনবল নিয়োগের ব্যবস্থা নিতে হবে। তা না হলে পুরো উপজেলার শিক্ষা কার্যক্রম ভেঙে পড়তে পারে। আমি একা। একদিকে গেলে একটি কাজ হয়, অন্যটি পড়ে রয়। সহকারী শিক্ষা কর্মকর্তার শূন্যপদে, অফিসে দপ্তরি ও পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ না দিলে এই ভুতুড়ে পরিবেশ থেকে মুক্তি পাওয়া যাবে না।

তিনি আরও জানান, যারা এক সপ্তাহ করে অফিসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ করেন তাদের যাতায়াত ও খাওয়া-দাওয়ার খরচ প্রদান করা হয়। কিন্তু এভাবে কাজ করানো বৈধ নয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী