ছবি: সংগৃহীত
সিলেটে নগরীতে মুহিবুর রহমান নামের এক শিক্ষককের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।আজ সোমবার (১১ নভেম্বর) ওই ছাত্রীর মা সিলেটের কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন।
অভিযুক্ত মুহিবুর রহমান জকিগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা ও পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
জানা যায়, মুহিবুর রহমান একটি কোচিং সেন্টারে নিয়মিত প্রাইভেট পড়ান। গত বুধবার ওই ছাত্রী শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যান। এ সময় শিক্ষক মুহিবুর ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এই ঘটনায় মুহিবুরকে আসামি করে মামলা দায়ের করেন ভিকটিমের মা।
অভিযোগে উল্লেখ করেন, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে মুহিবুর তাঁর মেয়েকে একটি মোবাইল নাম্বার দেয় এবং বলে যে বাসায় পৌঁছে ফোন দিতে। তখন তার মেয়ে রাত সাড়ে ৮টায় ভাইয়ের ফোন নাম্বার থেকে মুহিবুর রহমানকে হোয়াটসঅ্যাপে ফোন দিলে অশালীন কথাবার্তা বলে পরদিন কোচিংয়ে যেতে বলে। কথামতো পরদিন বুধবার সকালে কোচিং পড়তে গেলে শিক্ষক মুহিবুর কোচিং রুমের বাইরে খোলা ছাদের উপর ডেকে নেয়। পরে ছাদের উপর থেকে নিচতলায় তার বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে জোরপূর্ব সোফায় বসতে বলে। একপর্যায়ে ধস্তাধস্তি করে ব্যর্থ হয়ে কাউকে না জানানোর অনুরোধ করে। তখন মেয়েটি কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। পরবর্তীতে বাসায় এসে মাকে ঘটনার বিস্তারিত জানায়। পরে মেয়েটিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি জিয়াউল হক মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত মুহিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




