সালুটিকর-গোয়াইনঘাট সড়ক,চালকদের অদক্ষতায় বাড়ছে দুর্ঘটনা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

সালুটিকর-গোয়াইনঘাট সড়ক,চালকদের অদক্ষতায় বাড়ছে দুর্ঘটনা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১/১২/২০২৪ ০৯:৩২:৩৮ পূর্বাহ্ন

সালুটিকর-গোয়াইনঘাট সড়ক,চালকদের অদক্ষতায় বাড়ছে দুর্ঘটনা

ছবি: নিজস্ব


গোয়াইনঘাট উপজেলার অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি সড়ক হচ্ছে সালুটিকর-গোয়াইনঘাট প্রধান সড়ক। এ সড়ক দিয়ে উপজেলার সিংহভাগ মানুষ চলাচল করে থাকেন। এছাড়া এই সড়কে রয়েছে বিভিন্ন জেলা থেকে আসা পর্যটকবাহী গাড়ির যাতায়াত। পণ্যবাহী গাড়ি যাতায়াতেরও কোনো কমতি নেই সড়কটিতে। এছাড়া প্রধান এই সড়কটির দুই পাশে বিভিন্ন গ্রামের অবস্থান হওয়ায় রয়েছে অনেক স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসা। তাই এই রাস্তা ব্যবহার করে সাধারণ যাত্রীর পাশাপাশি স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীদের ও মুসল্লিদের যাতায়াত রয়েছে। 

তবে ভয়ের ব্যাপার হচ্ছে, জনগুরুত্বপূর্ণ এই সড়কটিতে এখন প্রশিক্ষণবিহীন, অদক্ষ, অপ্রাপ্তবয়স্ক সিএনজি অটোরিকশাচালকদের ছড়াছড়ি। কোনো প্রকার প্রশিক্ষণ ছাড়াই সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকরা। ওস্তাদের (মূল চালক) কাছ থেকে শিখে লাইসেন্স ছাড়াই তারা বসে গেছে চালকের আসনে। অদক্ষদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এই সড়কে দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বহু যানবাহনের মালিকরা এটি দেখেও যেন নীরব দর্শকের ভ‚মিকায় রয়েছেন। 

এলাকায় তিন চাকার যানবাহনের দুরন্তপনা চলছে প্রতিনিয়ত। উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়ক ও উপ-সড়কে টমটম, অটোরিকশা চালাচ্ছে অল্পবয়সী অদক্ষ কিশোর-তরুণরা। গাড়ির মালিকরা বাধ্য হয়ে অদক্ষ শিশু-কিশোরদের হাতে গাড়ির চাবি তুলে দিচ্ছেন। প্রায় সব অদক্ষ চালক গাড়ি চালানো শিখেছে ওস্তাদের কাছ থেকে। তাদের নেই কোনো লাইসেন্স। ঝুঁকি নিয়ে কিশোর চালকরা ভোর থেকে রাত পর্যন্ত চালাচ্ছে অটোরিকশা আর টমটম। 

যাত্রীরা জানান, সড়কটিতে অল্পবয়সী কিশোর-তরুণ চালকের সংখ্যাই বেশি। ঝুঁকি জানার পরেও এসব গাড়িতে উঠতে বাধ্য হচ্ছেন যাত্রীরা, কারণ তাদের করার কিছু নেই। কিশোররা রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালায়। যাত্রীরা সাবধান করলেও শোনে না। এসব অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ এখন করার দাবি জানান তারা। 

জানা গেছে, এ বিষয়ে জেলা ট্রাফিক পুলিশ ও সিএনজিচালিত অটোরিকশা ট্রেড ইউনিয়ন ৭০৭ আম্বরখানা শাখার পক্ষ থেকে কঠোর নির্দেশনা থাকলেও এলাকাভিত্তিক তা মানা হচ্ছে না। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিজ্ঞ ও বয়স্ক অটোরিকশাচালক আক্ষেপের সুরে বলেন, বর্তমান সময়ের অপ্রাপ্তবয়স্ক চালকদের সাথে এক কথা বললে তারা দশ কথা শোনায়। তাদের পিতা ঘরে ঘুমায় আর ছেলেকে গ্যাস নিয়ে আসার কথা বলে চালকের আসনে বসিয়ে দিয়ে সড়কে পাঠায়। তাদের দাপটে সিনিয়র-জুনিয়র চালকের কোনো মূল্য নেই। 

গত ১৪ নভেম্বর এক অপ্রাপ্তবয়স্ক চালকের অটোরিকশার ধাক্কায় উপজেলার রুস্তমপুর ইউনিয়নের নূর মোহাম্মদ নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। এমন ছোট-বড় দুর্ঘটনা ও আর এর জেরে ঝগড়াঝাটি এখানে অহরহ লেগেই আছে। 

কয়েকজন সচেতন তরুণ জানান, সড়কের সবখানে অদক্ষ, অপ্রাপ্তবয়স্ক চালকের ছড়াছড়ি। তারা অনেক দ্রতবেগে গাড়ি চালায়। সড়কে দাঁড়ানো যাত্রী তুলতে হঠাৎ ব্রেক করে। এতে যাত্রীর সমস্যা হয়। এছাড়া গাড়ি খালি থাকলে উল্টো পথের যাত্রী নিতে এদিক-ওদিক না তাকিয়ে হঠাৎ গাড়ি ঘুরিয়ে দেয়। এতে যেকোনো মুহ‚র্তে সড়ক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। দুর্ঘটনা থেকে রক্ষাকল্পে কিশোর, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা। 

এ বিষয়ে জানতে চাইলে সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা ট্রেড ইউনিয়ন ৭০৭ আম্বরখানা শাখার সভাপতি আব্দুল মান্নান বিষয়টি স্বীকার করে বলেন, এ বিষয়ে আমাদের কঠিন নির্দেশনা দেওয়া রয়েছে কোনো অদক্ষ, লাইসেন্সবিহীন ও অপ্রাপ্তবয়স্ক চালককে গাড়ি না দিতে। জেলাভিত্তিক আমাদের নির্দেশনাগুলো মানা হলেও বিভিন্ন উপজেলায় এলাকাভিত্তিক তা মানা হচ্ছে না। আমি প্রতিটি স্টপেজে গিয়ে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলছি- এরকম চালকের হাতে গাড়ি দিলে দুর্ঘটনার কোনো দায়ভার কর্তৃপক্ষ নেবে না। 

তিনি এরকম চালকের হাতে গাড়ি দেখলে কর্তৃপক্ষকে জানিয়ে সহযোগিতার জন্য অনুরোধ জানান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ