সিলেটের বিশ্বনাথ উপজেলার জানাইয়া নোয়াগাঁও গ্রামের নিজাম উদ্দিনের কনিষ্ঠ পুত্র সফাত উল্লাহ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রাহি আহমদ সাইম নিহতের ঘটনায় শোক প্রকাশ করে ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্কুলের শিক্ষার্থীরা।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের সফাত উল্লাহ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা সাইম নিহতের ঘটনার সঠিক তদন্তসাপেক্ষে ঘটনার রহস্য উন্মোচনসহ দোষীদের শনাক্ত করে দ্রুত বিচারের নিষ্পত্তি ও জড়িতদের কঠিন বিচারের দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য দেন সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম জাহাঙ্গীর, নবম শ্রেণির ছাত্র ইকবাল উদ্দিন, নিহতের বড় ভাই সাইফ উদ্দিন, বাবা নিজাম উদ্দিন, তোয়াব আলী প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন, নিহত সাইমের মা রত্না বেগম, জামাল উদ্দিন, তারেক বিন রমজান, ইকবাল, খালেদ, রাসেলসহ স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ১৭ বছর বয়সী কিশোর রাহি আহমদ সাইমের লাশ উদ্ধার করে বিশ্বনাথ থানার পুলিশ। এ ঘটনায় ৬ জনকে আসামি করে ২৯ নভেম্বর একটি হত্যা মামলা দায়ের করেছে তার পরিবার।
মামলার এজাহারে সাইমের মা রত্না বেগম উল্লেখ করেন, তার ছেলে সাইম জানাইয়া গ্রামের মৃত তৈমুছ আলীর পুত্র তাহির মিয়ার ছেলে তারেক আহমদের সাথে বন্ধুর সম্পর্কে যাতায়াত করত। ২৪ নভেম্বর থেকে সাইম ওই বাড়িতে ছিল। ২৭ নভেম্বর দুপুরে সাইমের মা তাকে ওই বাড়ি থেকে নিয়ে আসেন এবং সাইম তাকে জানায় যে তাহির মিয়ার বোন নিলুফা বেগম পার্শ্ববর্তী দোকানদার দিলু মিয়ার পাওনা টাকা দেয়ার জন্য ১২ হাজার ৫০০ টাকা দিয়েছে। সন্ধ্যা ৬টায় তাহির মিয়া সাইমকে ফোন করে তাদের বাড়িতে যেতে বললে সে নিলুফা বেগমের দেওয়া টাকা দোকানের মালিক দিলু মিয়াকে দিয়ে পুনরায় তাহির মিয়ার বাড়িতে চলে যায়। রাত ৯টায় তাহির মিয়া সাইমের বিষয়ে তার মায়ের সঙ্গে ফোনে কথা বলেন এবং জানান যে সাইম হয়তো তারেক আহমদের সঙ্গে খেলতে বাইরে গেছে। কিছু সময় পর রত্না বেগমের কাছে খবর আসে যে তার ছেলে সাইম তাহির মিয়ার বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে পৌঁছানোর পর রত্না বেগম তার ছেলেকে তাহির মিয়ার বসতঘরের উত্তর পাশের কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত দেহ নামিয়ে বিশ্বনাথ সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাদী রত্না বেগম অভিযোগ করেছেন, তাহির মিয়া এবং নিলুফা বেগমসহ অন্যান্য আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করেছেন। পরে তাকে রডের হুকের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যার ঘটনা সাজানোর চেষ্টা করেন। ময়নাতদন্তের পর সাইমের লাশ দাফন করা হয় এবং আত্মীয়দের সঙ্গে পরামর্শ করে তিনি মামলাটি দায়ের করেন।
মামলায় আসামিদের মধ্যে রয়েছেন- জানাইয়া নোয়াগাঁও গ্রামের মৃত তৈমুছ আলীর ছেলে তাহির মিয়া (৩৭), তাহির মিয়ার বোন নিলুফা বেগম (৩৪), স্ত্রী রুবিনা বেগম (৩০) । এছাড়া আরও ২-৩ জন অজ্ঞাতনামা আসামি রয়েছেন।
এদিকে, সিলিং ফ্যান থেকে কিশোর সাইমের ঝুলন্ত লাশ উদ্ধারের পরদিন ২৮ নভেম্বর রাতে তাহির মিয়া, তার বোন নিলুফা বেগম এবং স্ত্রী রুবিনা বেগমকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করতে আটক করে পুলিশ। পরে অভিযোগের ভিত্তিতে প্রধান ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
জৈন্তা বার্তা/আরআর




