ছবি: নিজস্ব
সিলেটে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছেন সিলেটের সর্বস্তরের ব্যবসায়িরা।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে সিলেটে এক সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানান। আগামী ৫ ডিসেম্বরের মধ্যে দাবী মেনে একটি প্রতিনিধিত্বশীল পরিচালনা পরিষদ গঠনের লক্ষ্যে প্রশাসক নিয়োগ করা না হলে ৮ ডিসেম্বর রবিবার সিলেট চেম্বারের সম্মুখে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচী পালনের ঘোষণা দেন ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে ব্যবসায়িরা দাবি করেন, ২০২১ সালের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর নির্বাচনী তফসিল ঘোষণা না করেই চলতি বছরের ২০ জানুয়ারি গোপনে চেম্বারের পর্ষদ গঠন করে। তফসিল প্রকাশ ও প্রচারের সব নির্দেশনা অমান্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের আইন লঙ্ঘন করে গোপনে নির্বাচন দেখিয়ে বোর্ড গঠন করা হয়, যা সদস্যদের সঙ্গে প্রতারণার শামিল। এরই মধ্যে বর্তমান সভাপতির বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের হওয়ায় তিনি পলাতক রয়েছেন। পদত্যাগ করেছেন চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি, সহসভাপতিসহ পাঁচ পরিচালক। এ অবস্থায় দ্রুত প্রশাসক নিয়োগের মাধ্যমে নির্বাচন আয়োজনের উদ্যোগ গ্রহণে সরকার ও বাণিজ্য উপদেষ্টার প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে চেম্বার সভাপতি তাহমিন আহমদ সহ আরো ৫/৬ জন পরিচালকের উপর মামলা হয়েছে। এই মামলার আসামীরা বর্তমানে পলাতক থাকলেও আড়ালে থেকে তারা চেম্বার নিয়ে কলকাঠি নাড়ছেন এবং নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তারা সিলেটের ব্যবসায়ীদের মতামতের কোন তোয়াক্কা না করে স্বৈরাচারের দোসরদের যোগসাজসে অত্যন্ত গোপনীয়ভাবে পরিচালনা পরিষদকে নিজেরা পুর্ণগঠন করে নিয়েছেন এবং একজন পরিচালককে সভাপতির দায়িত্ব দিয়েছেন- যিনি স্থায়ীভাবে বসবাসের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
সংবাদ সম্মেলনে ব্যবসায়িদের পক্ষে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমেদ, সাবেক পরিচালক আমিরুজ্জামান দুলু ও মহানগর ব্যবসায়ি ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুর রহমান রিপন।
জৈন্তাবার্তা / মনোয়ার




