ছবি: নিজস্ব
বাঙালির ঐতিহ্য নবান্ন উৎসবকে ঘিরে এখন কৃষকদের ঘরে ঘরে বইছে আনন্দের জোয়ার। নতুন ধান ঘরে তোলার উৎসবে মাতোয়ারা গ্রাম-বাংলার কৃষক-কৃষানিরা। বালাগঞ্জে ধানের জমিতে আমন কাটা ও মাড়াইয়ের ধুম লেগেছে। চলতি বছর ৩ দফা বন্যায় নিম্নাঞ্চলের বীজতলা এবং রোপণকৃত আমন আক্রান্ত হওয়ার পরও এবার রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। ধান কাটা, মাড়াই আর রক্ষণাবেক্ষণের সকল প্রস্তুতি সম্পন্ন। কৃষকরা আশাবাদী, এবার বাম্পার ফলন উঠবে তাদের ঘরে।
সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, সকালে সূর্যের আলোয় মাঠে মাঠে মুক্তার মতো ঝলমল করছে দূর্বা, আর মৃদু বাতাসে দুলছে ধানের শীষ। এরকম নয়নাভিরাম দৃশ্য দেখে মন জুড়িয়ে যায়। এরই মাঝে প্রতিটি ঘরে এখন শুরু হয়েছে অগ্রহায়ণের ধান কাটার মহোৎসব। প্রথমদিকে বন্যা থাকলেও শেষদিকে আবহাওয়া অনুকুল থাকায় এবার রোপা আমনের ফলন অনেক ভালো হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর বালাগঞ্জের ৬টি ইউনিয়নের ১৮টি কৃষি বøকে মোট ৭ হাজার ৫শ ৭৭ হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। এর মধ্যে হাইব্রিড ৩৬ হেক্টর, উফশী ৭ হাজার ২শ ৯০ ও স্থানীয় জাতের ২শ ৫১ হেক্টর। ইতোমধ্যে কেনো কোনো স্থানে জমিতে কৃষকরা ধান কাটা শুরু করে দিয়েছেন। তবে আগামী সপ্তাহে পুরোধমে ধান কাটা শুরু হবে এবং ৮/১০ দিনের মধ্যেই ধান কাটা শেষ হবে বলে আশা করা হচ্ছে। এবার হেক্টরপ্রতি প্রায় ৪ মেট্রিক টন হিসেবে ধান সংগ্রহ হবে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে সর্বাধিক রোপা আমন আবাদ হয়েছে দেওয়ানবাজার ইউনিয়নে এবং সবচেয়ে কম আবাদ হয়েছে পশ্চিম গৌরীপুর ইউনিয়নে। চলতি মৌসুমের রোপা আমনের ফলন বিষয়ে আলাপকালে উপজেলার বোয়ালজুর ইউনিয়নের সোনাপুর গ্রামের কৃষক আকদ্দুছ মিয়া, রুপাপুর গ্রামের ফখরুল ইসলাম, বালাগঞ্জ ইউনিয়নের আব্দুল গফুর, মধু মিয়া, জামালপুর গ্রামের ছানাওর আলী ও করিম আলীসহ কয়েকজন কৃষক বলেন, বন্যাসহ বিভিন্ন প্রতিক‚লতার মধ্যেও আল্লাহর রহমতে এবার ফসল বেশ ভালো হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আশিকুর রহমান বলেন, এ বছর ৩ দফা বন্যায় বালাগঞ্জের নিম্নাঞ্চলের আমন বীজতলা ও রোপণকৃত আমন আক্রান্ত হয়েছিল। পরবর্তীতে সরকারি কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত ২ হাজার ১শ ৫০ জন কৃষককে বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছে। কৃষি বিভাগের মাঠপর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ যথাসময়ে কৃষকদের পরামর্শ প্রদান করেছেন। এবার আমন ধানে রোগ-বালাইয়ের আক্রমণ খুব কম ছিল। আশা করি বাম্পার ফলন উঠবে কৃষকের ঘরে।
জৈন্তাবার্তা / সুলতানা




