ছবি: নিজস্ব
গোয়াইনঘাট উপজেলায় অধিক লাভের আশায় শীতকালীন সবজি চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের মাঝে। উঁচু জমিতে শীতকালীন বিভিন্ন জাতের সবজির চারা রোপণ ও পরিচর্যায় কৃষক পরিবারগুলো এখন ব্যস্ত সময় পার করছে।
সরেজমিনে দেখা যায়, কেউ সবজি লাগাতে জমি প্রস্তুত করছেন, কেউ জাতভেদে সবজির বীজ বা চারা রোপণ করছেন, কেউ বা সবজি ক্ষেতের আগাছা পরিষ্কার করছেন, আবার কেউ কীটনাশক স্প্রে করছেন। এক কথায়, বাড়তি লাভের আশায় শীতকালীন রকমারি সবজি চাষে মাঠে মাঠে চলছে সবজি চাষিদের কর্মযজ্ঞ। সবজি চাষে মাঠে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। মুলা, শিম, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, লালশাক, পালংশাক, করলা, লাউ, কাঁচামরিচ, ঢেঁড়স, টমেটোসহ নানা জাতের সবজি চাষ করছেন তারা। শুধু নিজেদের চাহিদা পূরণেই নয়, বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এসব সবজি। শীতের শুরুতে বিশেষ করে টমেটো, শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলা, বেগুন এসবের পাশাপাশি হাইব্রিড জাতের সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, মুনাফা অনেক বেশি, তাই সবজি চাষে ঝুঁকছেন তারা। অল্প সময়ে কম খরচে অধিক মুনাফা লাভের জন্য টমেটো, ফরাস, ফুলকপি ও বাঁধাকপির জুড়ি নেই। পানি জমে না এমন উঁচু জমি কপি চাষের জন্য উপযুক্ত।
উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর গ্রামের ফুলকপি ও বাঁধাকপি চাষি সোহেল রানা ও শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক কাওছার বলেন, এই ইউনিয়নের সবজির কদর উপজেলার সর্বত্রই রয়েছে। তবে তা সবজি চাষ করতে পারলে বেশি মুনাফা পাওয়া যায়। আধুনিক পদ্ধতি ব্যবহার করলে এখন কীটনাশকমুক্ত সবজি চাষ করা সম্ভব। সবজি ক্ষেতে পোকামাকড় আক্রমণ করবেই। সেজন্য কীটনাশক ব্যবহার না করেই আধুনিক বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে পোকামাকড় দমন করা সম্ভব। এই এলাকায় সবজি ক্ষেতে কীটনাশক ব্যবহার অনেকটাই কম থাকায় উৎপাদিত সবজি গুণগত মানে সেরা, তাই চাহিদাও অনেক বেশি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর চার হাজার তিন হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সারাদেশে শীতকালীন সবজির ব্যাপক চাহিদা রয়েছে। তাই কৃষকরা অধিক মুনাফা লাভের আশায় সবজি চাষে ঝুঁকে পড়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন, কৃষকরা শীতকালীন বিভিন্ন ধরনের সবজির আবাদ শুরু করেছেন। এগুলো এরই মধ্যে বাজারে উঠেছে এবং কৃষকরাও ভালো দাম পাচ্ছেন। শীতকালীন সবজি চাষে ঝুঁকি বেশি থাকে। এজন্য সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে সুষম সার, জৈব সার ও কীটনাশকের সঠিক ব্যবহারের জন্য মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি।
জৈন্তাবার্তা / সুলতানা




