ছবি: নিজস্ব
রাস্তার উপর যানবাহন পার্কিয়ের কারণে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দিন দিন যানজট বাড়ছে। নগরীতে ব্যাঙের ছাতার মতো গজে ওঠা বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব কোনো পার্কিং ব্যবস্থা না থাকায় নগরবাসীর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে এই অবৈধ পার্কিং। নগরীতে সড়কের পাশে গড়ে ওঠা বেসরকারি স্কুল-কলেজের সামনে রাস্তার উপর গাড়ি পার্ক করার এমন দৃশ্য হরহামেশাই চোখে পড়ে। এসব গাড়ির বেশিরভাগ ব্যক্তিমালিকানাধীন। এর মধ্যে রয়েছে প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট ও মাঝারি ধরনের যানবাহন।
নগরের মদিনা মার্কেট পয়েন্ট থেকে সুবিদবাজার পয়েন্ট যেতে নয়টি বেসরকারি স্কুল-কলেজ রয়েছে। এর কোনোটিরই নিজস্ব পার্কিং ব্যবস্থা নেই। রাস্তার দুইপাশে রয়েছে, বিদ্যানিকেতন স্কুল, দিশারী প্রি-ক্যাডেট স্কুল, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, স্কলার্সহোম স্কুল, আনন্দ নিকেতন স্কুল এ্যান্ড কলেজ, রাইজ ইন্টারন্যাশনাল স্কুল, ইউরো কিডস্, শহীদ প্রি-ক্যাডেট স্কুল, ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ।
সরেজমিন দেখা যায়, প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুল শুরু ও ছুটির সময়ে এসব প্রতিষ্ঠানের সামনে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। দেখা যায়, রাস্তার দুই পাশে এক লাইন করে শতাধিক গাড়ি পার্ক করে রাখা হয়েছে। এতে সড়কে চলাচলকারি সাধারণ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তায় পার্ক করে রাখা গাড়ির চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো স্কুলেরই নিজস্ব পার্কিং প্লেস নেই। যে কারণে অনেকটা বাধ্য হয়ে রাস্তাতেই গাড়ি পার্ক করতে হয় তাদের।
ওই এলাকা দিয়ে যাওয়া-আসা লোকজন জানান, বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব কোনো পার্কিং ব্যবস্থা নেই। যার কারণে অভিভাবকরা ব্যক্তিগত গাড়ি ইচ্ছামতো মেইন রোডে পার্কিং করে রাখেন। এতে স্কুল শুরু হওয়া থেকে ছুটি হওয়া পর্যন্ত রাস্তার পাশে রাখা যানবাহনগুলো যানজট সৃষ্টি করে।
সিলেট গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর হলেও আয়তনের দিক দিয়ে তেমন বড় নয় জানিয়ে নগর বিশেষজ্ঞরা বলেন, ভৌগোলিকভাবে এ শহরের এক পাশে সুরমা নদী অপর দুপাশে পাহাড়ি অঞ্চল ও সরকারি টি-এস্টেট। যে কারণে এ তিনদিক দিয়ে শহর প্রশস্ত হওয়ার সুযোগটা স্বাভাবিকভাবেই কম। এদিকে দিন দিন এ শহরের জনসংখ্যা বাড়ছে। বাড়ছে যানবাহনের সংখ্যাও; কিন্তু সে তুলনায় রাস্তাঘাট ও নাগরিক জীবনের সুযোগ-সুবিধা বাড়েনি।
নগর পরিকল্পনাবিদ শাবিপ্রবির শিক্ষক ড. জহির বিন আলম বলেন, শহরে দিনদিন বাড়ছে স্কুল-কলেজের সংখ্যা। সবচেয়ে বড় বিষয় হলো, যানজট নিরসনে নগরবাসীকে সচেতন হতে হবে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব পার্কিং ব্যবস্থা গড়ে তোলা উচিত। যেখানে-সেখানে গাড়ি পার্কিং করা যাবে না। এছাড়া যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী উদ্যোগ গ্রহণ করারও তাগিদ দেন এই নগর পরিকল্পনাবিদ।
এই সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারি আব্দুস সামাদ জানান, এই সড়কে সকালে এবং দুপুরে প্রতিদিন দীর্ঘ যানজট দেখা দেয়। তাছাড়া এই রাস্তায় অনেকগুলো গলির প্রবেশদ্বার রয়েছে। যে কারণে প্রতিটি গলি দিয়ে ঢুকতে গেলে অনেক সময় লম্বা সিগনালে পড়তে হয়। ফলে নগরবাসীর জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে এই অবৈধ পার্কিং।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, স্কুলের বাচ্চাদের আনা-নেওয়ার জন্য এখানে গাড়ি আসে, কোনো স্কুলেই পার্কিং ব্যবস্থা নেই। তাই আমরা বাচ্চাদের কথা চিন্তা করে রাস্তার দুই পাশে এক লাইনে গাড়ি পার্ক করার সুযোগ দিয়েছি। তাও বেশিক্ষণ নয়, সকালে এসে নামিয়ে দিয়ে আবার দুপুরে এসে চলে যাবে। তারপরেও মাঝে মাঝে এক লাইন থেকে দুই লাইনে চলে যায় তখনই আমরা অভিযান চালাই। স্কুল-কলেজগুলোর পর্যাপ্ত পার্কিং সুবিধা না থাকাতে এই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, আইনত রাস্তায় গাড়ি পার্কিং করা দন্ডনীয় অপরাধ। তারপরও বাচ্চাদের স্কুল-কলেজের কথা চিন্তা করে অনেক সময় রাস্তায় পার্কিং সুবিধা দিতে হয়।
জৈন্তাবার্তা / সুলতানা




