সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে প্রাইভেটকারযোগে ভারতীয় কম্বল পাচারকালে একজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তির নাম ফয়সাল আহমদ (৪২)। তিনি উপজেলার কেন্দ্রী গ্রামের আতাউর রহমানের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর সদর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক লুৎফর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স জৈন্তাপুর সদরে তামাবিল মহাসড়কে বাঁধন হোন্ডা সার্ভিসিং এর সামনে চেকপোস্ট বসিয়ে একটি সাদা রঙের প্রাইভেটকার ( ঢাকা-মেট্রো-গ-১৭-৪৭৭৪) আটক করে তল্লাশি চালায়। পরে প্রাইভেটকারের ভেতর থেকে ১০টি বিভিন্ন রঙের ভারতীয় কম্বল আটক করে পুলিশ।
পুলিশ জানায়, আটককৃত কম্বল ও প্রাইভেটকারের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লক্ষ পঁচিশ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে একজনকে আসামি করে চোরাচালানের অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। আটক হওয়া আসামিকে বুধবার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




