ছবি: নিজস্ব
চায়ের রাজধানী সিলেট। পাহাড়, নদী, হাওরে পরিপূর্ণ এ স্থানটি একটি কুঁড়ি দুটি পাতার দেশ নামে পরিচিত। অগ্রহায়ণের শেষভাগে এসে শিশির ভেজা সকাল দিচ্ছে শীতের আগমনী বার্তা। সিলেটে যেন শীত একটু আগেভাগেই চলে এসেছে। কুয়াশার চাদর মুড়িয়ে প্রতিদিন আবিভর্‚ত হচ্ছে শীতের সকাল। আর শীতের আগমনে লেপ-তোষক তৈরির দোকানগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। তাদের পাশাপাশি বেশ ব্যস্ত সময় পার করছেন লেপ-তোষকের ব্যবসায়ীরাও। দিন যত গড়াচ্ছে শীতের প্রকোপ তত বাড়ার আশঙ্কায় সিলেট নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায়ও মানুষজন এখন নতুন লেপ-তোষক তৈরি বা ক্রয় করছেন।
শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে ধুনারীদের তুলা ধুনো ও লেপ তৈরির কাজে চাঞ্চল্য বেড়েছে। এই ব্যবসা মূলত শীতকালীন। তাই একটু বেশি বিক্রির জন্য দিন-রাত সমানতালে পরিশ্রম করছেন তারা। তাদের এখন দম ফেলার সময় নেই। কেউ পুরনো লেপ ভেঙে নতুন করে বানিয়ে নিচ্ছেন, আবার কেউ নতুন তুলা দিয়ে তৈরি করে নিচ্ছেন লেপ, তোষক ও বালিশ। কারিগররা কেউ তুলো ধুনছেন, কেউ ব্যস্ত লেপ-তোষক সেলাইয়ের কাজে, কেউ বা লেপে হরেকরকম নকশা ফুটিয়ে তুলছেন।
সিলেটের নগর থেকে গ্রাম- সব জায়গায়ই চলছে শীতের আয়োজন। মেঠোপথে এখন হালকা শিশিরে ভেজা ঘাস আর আমনের ক্ষেতে খেলছে সকালের মিষ্টি রোদ। আবছা কুয়াশার জাল ঘেরা সকাল-সন্ধ্যার রহস্য। রাত বাড়ার সাথে সাথে কুয়াশা যেন সিলেটের চা-বাগানকে ঢেকে ফেলে। আর এই দৃশ্যগুলো বার্তা বহন করে শীত আগমনের। এজন্যই কারিগররা লেপ, তোষক, জাজিম, বালিশ তৈরির অর্ডার নিচ্ছেন। অন্যদিকে শীতকাল সকল ধর্মের মানুষের জন্য বিবাহের একটি মৌসুম। কেউ বিবাহের জন্য, আবার কেউ পরিবার-পরিজনের জন্য শীতের লেপ-তোষক তৈরি করতে প্রতিদিনই অর্ডার দিচ্ছেন।
দেখা গেছে, সাধারণ মানুষ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লেপ-তোষকের দোকানে ভিড় করছেন। অপরদিকে উচ্চ মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের দেখা যাচ্ছে শহরের বড় বড় শপিং মলগুলোতে গিয়ে কম্বল কিনতে।
গত বছরের তুলনায় এবার লেপ-তোষকের দাম প্রায় দ্বিগুণ বলে জানান ক্রেতারা। আর বিক্রেতাদের দাবি- তুলা, লেপের কাপড়, ফোম এবং মজুরী সব মিলিয়ে গত বছরের তুলনায় এ বছর খরচ কিছুটা বেশি।
সরেজমিনে দেখা গেছে, শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে যে যার মতো প্রস্তুতি নিচ্ছেন। নগরীর সুবহানিঘাট, আম্বরখানা, মদিনা মার্কেট, রিকাবীবাজার, দক্ষিণ সুরমার ভার্থখলা, কদমতলী, উপশহর ও টিলাগড় এলাকা ঘুরে দেখা যায়, লেপ-তোষকের দোকানের সবকটিতেই এখন কারিগরদের লেপ বানানোর ব্যস্ততা। দোকানিরাও অর্ডার গ্রহণ এবং ক্রেতাদের বিভিন্ন রঙ-মানের কাপড় ও তুলা দেখাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ দৃশ্য চলছে জেলার বিভিন্ন উপজেলার হাট-বাজারগুলোতেও।
সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, নভেম্বর থেকে ফেব্রæয়ারি মাস পর্যন্ত শীত মৌসুমের অন্তত এই চারটি মাস তাদের ব্যস্ততা বাড়ে বছরের যেকোনো সময়ের চেয়ে অনেকগুণ বেশি। এই সময়টাতে লেপ-তোষক ব্যবসায়ীরা অতিরিক্ত শ্রমিক নিয়োগ করেন। পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকরাও দিনরাত কাজ করেন।
সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার একটি দোকানে কথা হয় লেপ-তোষক তৈরির কারিগর জাফর মিয়ার সাথে। তিনি জানান, শীতের সময় কাজের চাপ বেশি থাকে। গড়ে প্রতিদিন একজন কারিগর ৩-৪টি লেপ-তোষক তৈরি করতে পারেন।
জৈন্তাবার্তা / সুলতানা




