ছবি : সংগৃহীত
সিলেটের ঐতিহবাহী কিনব্রিজ, যা শহরের ইতিহাস ও সৌন্দর্যের প্রতীক হিসেবে পরিচিত। বর্তমানে এর উপরে হকার এবং মাছ বিক্রেতাদের কারণে বিশৃঙ্খলতা দেখা দিয়েছে। পর্যটকদের অন্যতম আকর্ষণীয় এই স্থানটি ক্রমেই বাজারের রূপ নিচ্ছে, যা শহরের নান্দনিকতা এবং ঐতিহ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।
মহান বিজয় দিবস উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে আলোকসজ্জা করা হচ্ছে। কিনব্রিজকেও সাজানো হচ্ছে নানা রঙিন আলোয়। কিন্তু এই আলোয় চলছে মাছ বিক্রি! ব্রিজের পাশে ফুটপাত ও সড়কের একাংশ দখল করে বসেছে মাছ বিক্রেতারা।
তবে পুলিশ বলছে- তাদের জনবল সংকট। শীঘ্রই হকারদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে।প্রায় প্রতিদিনই দেখা যায়- মাছ বিক্রির পাশাপাশি বিভিন্ন ধরনের পণ্য, বিশেষ করে কাপড়, খেলনা, ও খাবার সামগ্রীও বিক্রি করছেন হকাররা। এদের কারণে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। পথচারীদের চলাচলও অসম্ভব হয়ে পড়েছে। অনেক পর্যটক অভিযোগ করেছেন, হকারদের ভিড়ে কিনব্রিজের প্রাকৃতিক সৌন্দর্য ও স্থাপত্য উপভোগ কঠিন হয়ে পড়েছে।
হকারদের পাশাপাশি মাছ বিক্রেতাদের একটি বড় অংশ প্রতিদিন এখানে বসছে। মাছের বাজারের দুর্গন্ধ এবং বর্জ্য ব্যবস্থাপনার অভাব পুরো এলাকার পরিবেশকে দূষিত করছে। কিনব্রিজের নিচের নদী ও আশেপাশের এলাকায় বর্জ্য ফেলায় নদীর পানি দূষিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে। একাধিকবার হকার উচ্ছেদ অভিযান চালানো হলেও তা স্থায়ী হয়নি। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ- প্রশাসনের উদাসীনতা এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে এই সমস্যা বাড়ছে। ফুটপাত ও কিনব্রিজ দখলমুক্ত করতে সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান পরিচালনা হলে সাময়িকভাবে হকাররা দখল ছেড়ে গেলেও পুনরায় কিছু সময় পরে তারা আবার দখল করে বসেন।
সিটি করপোরেশনের সাবেক দুই মেয়র দফায় দফায় হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেয়া হয়। লাদীঘিরপাড় হকার মার্কেট মাঠে ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয় করে মার্কেট স্থাপন করে সিসিক। তালিকা তৈরির মাধ্যমে পুনর্বাসন হয়। কিছুদিন ফুটপাত হকার মুক্ত থাকলেও ৫ আগস্টের পর পর্যায়ক্রমে হকাররা আবার রাস্তা ও ফুটপাতে আসতে শুরু করে। গেল সপ্তাহে ফের অভিযান চালায় সিসিক। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
প্রশাসন আর হকারদের এমন ‘চোর-পুলিশ খেলা’ চলতেই থাকে। অভিযান চালিয়ে হকারদের সরিয়ে দেয়ার কিছুক্ষণ পর আবার তারা পসরা সাজিয়ে বসেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (ট্রাফিক) বি এম আশরাফ উল্যাহ তাহের জৈন্তাবার্তা-কে বলেন- আমাদের ট্রাফিক বিভাগে জনবল কিছুটা সংকট রয়েছে। ফলে সড়কে শৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ পালনের পাশাপাশি অন্যদিকে নজর দেওয়া কঠিন হয়ে পড়ে। আশা করি শীঘ্রই সংকট কেটে যাবে এবং কয়েক দিনের মধ্যেই হকারদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে।
জৈন্তাবার্তা / রহমান




