সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- সুনামগঞ্জের ছাতক পৌর এলাকার ছাত্রদলকর্মী তাহমিদ, মাহি ও মহান। তারা সবাই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দামড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করেছে। হাসপাতালে নেওয়ার পরে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের ছাতক পৌর এলাকার কয়েকজন ছাত্রদলকর্মী প্রাইভেটকারযোগে জাফলং বেড়াতে যাচ্ছিলেন। পথে দামড়ি ব্রিজ এলাকায় তাদের বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পরে আরও একজনের মৃত্যু হয়। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও দুইজন।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, চালকসহ মোট ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য পরীক্ষা শেষে আমরা ৩ জনকে মৃত অবস্থায় পেয়েছি। আর বাকি দুইজনের অবস্থাও গুরুতর। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জৈন্তা বার্তা/আরআর




