সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে ৩ কোটি ২ লক্ষ টাকার চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বিছনাকান্দি, কালাইরাগ, লাফার্জ, কালাসাদেক, শ্রীপুর, প্রতাপপুর, নোয়াকোট, সোনারহাট, দমদমিয়া, বাংলাবাজার এবং উৎমা বিওপিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রি পিস, বিভিন্ন প্রকার গজ কাপড়, গরু, চিনি, ফুচকা, জিরা, কিসমিস এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ, মোবাইল, চোরাচালানে ব্যবহৃত ইজিবাইক আটক করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য- ৩ কোটি ২ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আটককৃত চোরাচালানীর মালামালসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জৈন্তা বার্তা/আরআর




