প্রতীকী ছবি
গণঅভ্যুত্থানের পর সিলেটে একটি চক্র মামলা বাণিজ্যে মেতে উঠেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের সুযোগকে কাজে লাগিয়ে একদল লোক মামলা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তারা ইচ্ছেমতো যে কারো নাম মামলায় ঢুকিয়ে দিচ্ছে। সেইসাথে মামলা থেকে নাম বাদ দিতে মানুষকে জিম্মি করে অর্থ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। মামলাবাজদের ভয়ে আছেন বিভিন্ন এলাকার সাধারণ মানুষ।
তথ্য বলছে এসব মামলায় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য, সাংবাদিকসহ অরাজনৈতিক লোকদেরও আসামি করা হয়েছে। আসামির তালিকায় আছেন প্রবাসীরাও। যারা ঘটনার সময় দেশেই ছিলেন না। এছাড়া হত্যাসহ কয়েকটি মামলার বাদিরাই চিনেন না নিজ নিজ মামলার এজাহারভুক্ত আসামিদের। সম্প্রতি এক অনুসন্ধানে মামলা বাণিজ্যের এসব আচমকা তথ্য বেরিয়ে এসেছে।
তাদেরই একজন সিলেট নগরের বিলপার এলাকার বাসিন্দা রাসেল আহমদ (৫০)। পেশায় তিনি মুহুরী। মাস দুয়েক আগে হঠাৎ করে একদিন কর্মস্থল থেকে তাকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে জানতে পারেন তার নামে বিস্ফোরক আইনে নগরের কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। মাস খানেক জেল খাটার পর জামিনে ছাড়া পান তিনি। গণঅভ্যুত্থান পরবর্তীতে রাসেল আহমদের মতো আরও অনেকেই মিথ্যে মামলায় জড়িয়ে জেল খেটেছেন।
সূত্র বলছে গণঅভ্যুত্থানের পর থেকে সিলেট মহনগরের বিভিন্ন থানায় প্রায় ৮০টি মামলা হয়েছে। এসব মামলায় নামে বেনামে ৩০ হাজার জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া হত্যাসহ কয়েকটি মামলার বাদিরা-ই চিনেন না নিজ নিজ মামলার এজাহারভুক্ত আসামিদের। এ ব্যাপারে কয়েকজন বাদি আদালতেরও শরণাপন্ন হয়েছেন, ‘ভুলে অন্তর্ভুক্ত’ হওয়া আসামিদের নাম বাদ দিতে চেয়েছেন। নিজে মামলাই করেননি-এমন দাবিও করেছেন বাদিদের কেউ কেউ। এমতাবস্থায় মামলার বেড়াজালে পড়ে আতঙ্কে আছেন ‘নিরপরাধ’ অংখ্য মানুষ। যারা মামলার এজাহার থেকে নাম কর্তন করতে প্রতিনিয়ত মামলার বাদিসহ রাজনৈতিক দলগুলোর নেতাদের ধরনা দিচ্ছেন। এ সুযোগ কাজে লাগাচ্ছেন ‘ধান্ধাবাজ’ কিছু রাজনৈতিক নেতা ও ‘মামলাবাজ’। এমন খবরও আসছে গণমাধ্যমে।
পুলিশ সূত্রে জানা যায়, গণঅভ্যুত্থানের পর থেকে সিলেট মহানগরের বিভিন্ন থানায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত শতাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে। আসামি করা হয়েছে প্রায় সাড়ে ৬ হাজারের বেশি। আর অজ্ঞাতনামা আসামি আছেন অন্তত ৩০ হাজার মানুষ। সবচেয়ে বেশি মামলা দায়ের করা হয়েছে সিলেটের কোতোয়ালি মডেল থানায়। এই থানায় মামলা দায়ের করা হয়েছে ৫০টি। বাকি পাঁচটি থানায় রয়েছে আরও ১৮টি মামলা।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জৈন্তাবার্তাকে বলেন, আইন অনুযায়ী মামলা নেওয়া হচ্ছে। সন্দেহ হলে প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত করে মামলা নিচ্ছেন। আসামি গ্রেপ্তারের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। নিরীহ কেউ যাতে হয়রানির শিকার না হন এ জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সিলেটে এই ঢালাও মামলা বাণিজ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, নিরাপরাধ মানুষকে হয়রানি করতেই ঢালাওভাবে মামলা করা হচ্ছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, ঢালাওভাবে দেখছি চতুর্দিকে মামলার হিড়িক পড়েছে। পত্রপত্রিকায় দেখছি বাদী আসামি কেউ কাউকে চিনেন না। এভাবে যেন আর কোনো নিরপরাধ মানুষকে হয়রানি না করা হয় এমনটাই প্রত্যাশা।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. রেজাউল করিম জৈন্তাবার্তাকে বলেন, ইদানীং আমাদের কাছে কেউ মামলা নিয়ে এলে আগে আমরা যাচাই করছি। যাচাই ছাড়া কোনো মামলা নিচ্ছি না। আসামি ধরার ক্ষেত্রেও আমরা খুবই সতর্কতা অবলম্বন করছি; যাতে কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার না হন। মনিটরিং সেলও গঠন করেছি, যাতে নির্দোষ কোনো মানুষ আসামি বা গ্রেপ্তার না হন।
এদিকে, খোঁজ নিয়ে দেখা গেছে বর্তমান প্রভাবশালীদের সঙ্গে করে মামলা বাণিজ্যে জড়িয়েছেন অনেকেই। অনেক বাদী টাকা নিয়ে বিবাদীর পক্ষে আবেদন করছেন মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য। এমন অনেক তথ্য গণমাধ্যমেও প্রকাশ পাচ্ছে।
এমনই একজন ভুক্তভোগী সিলেটের খাদিম নগর ইউনিয়নের এক ইউপি সদস্য। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, তাকেও একটি মামলা আসামি করা হয়। পরবর্তী সময়ে এক লাখ টাকা দিয়ে মামলা থেকে নিজের নাম সরিয়েছেন।
সম্প্রতি সিলেটের আল আমিন নামের এক ব্যক্তির স্ত্রী কুলসুম সাভারের আশুলিয়া থানায় জীবিত স্বামীকে মৃত দেখিয়ে একটি মামলা দায়ের করেন। পরে তিনি সিলেটের মোগলাবাজার থানায় গিয়ে স্বশরীরে হাজির হয়ে জানান এই মামলা মিথ্যা তিনি জীবিত আছেন। পরবর্তীতে গত বৃহস্পতিবার রাতে মামলার করানোর নেপথ্যে থাকা শফিকুর রহমান ও রুহুল আমিনকে আটক করে পুলিশ।
মামলা থেকে রেহান পাচ্ছেন না গণমাধ্যম কর্মীরাও। ৫ আগস্ট সোনারহাট বিজিবি ক্যাম্পের সামনে আনন্দ মিছিলে হামলা ও গুলি চালিয়ে বিলালের ছেলে সুমন মিয়াকে হত্যার অভিযোগে গত ২৭ আগস্ট গোয়াইনঘাটের মাতুরতল ফেনাই গ্রামের বাসিন্দা আব্দুন নুর বিলালের নাম ব্যবহার করে ৬৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। অথচ এ মামলার বিষয়ে কিছু জানেন না বাদী বিলাল। সীমান্তবর্তী জৈন্তাপুর এলাকায় ঘটনা ঘটলেও এই মামলায় আসামি করা হয়েছে সাংবাদিক দেবাশীষ দেবুকে। এর আগে সাংবাদিক হাসিনা বেগম চৌধুরী আল আজাদ, সাদিকুর রহমান সাকী, ওলিউর রহমান, মিঠু দাস জয়, মৃণাল কান্তি দাস, পল্লব ভট্টাচার্যসহ অনেককেই মামলায় জড়ানো হয়েছে।
জৈন্তাবার্তা / সুলতানা




