ছবি: নিজস্ব
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সবাই মিলে এক সাথে আনন্দ উৎসব করা যেতে পারে সেটির প্রমাণ মেলে প্যারাগন পরিবারের আয়োজিত ‘ফ্যামিলি ডে’ প্রোগ্রামে। খেলাধুলা ও শারীরিক পরিশ্রম শুধুমাত্র আমাদের দেহমনকেই সুস্থ রাখে না; বরং অন্যের সঙ্গে সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন তৈরিতেও ভূমিকা রাখে। বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজের অনেকের মধ্যে যে সামাজিক মূল্যবোধ ও চারিত্রিক অবক্ষয় ঘটছে, তা প্রতিরোধে তাদেরকে খেলাধুলাসহ নানাবিধ সৃজনশীল ও মননশীল কমর্কাণ্ডে যুক্ত করতে হবে।
তিনি ফ্যামিলি ডে উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ঐতিহ্য ধরে রাখতে যেমনি প্রয়াস চালাতে হবে তেমনি মোবাইল আসক্তি ও রাত জেগে মোবাইলের অপব্যবহার রোধ করতে হবে।
গত রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা রাতে সিলেট নগরীর মেজর টিলা এলাকায় প্যারাগন টাওয়ার ফ্ল্যাট মালিক সমবায় সমিতির আয়োজনে ফ্যামিলি ডে ২০২৫’ উপলক্ষে আয়োজিত খেলাধুলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন।
এ আয়োজনে প্যারাগন টাওয়ারের ১০৮টি ফ্ল্যাটের বাসিন্দাদের প্রায় একশো পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। সবার স্বত্স্ফূর্ত অংশগ্রহণে ফ্যামিলি ডে একটি মিলন মেলায় পরিনত হয়।
প্যারাগন টাওয়ার্স ফ্ল্যাট মালিক সমবায় সমিতির সভাপতি মেজর অবঃ শায়েখুল হক চৌধুরীর সভাপতিত্বে সমিতির কোষাধ্যক্ষ সাংবাদিক ফারুক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ইকবাল, সিলেট সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা রমিজ উদ্দিন, প্রকৌশলী মনির উদ্দিন, হেলিনা আক্তার, সানজিদা মালেক, সেলিনা লিপি ও মাহমুদা জামান প্রমুখ।
জৈন্তাবার্তা / মনোয়ার




