বৈঠকের পর সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত, চলবে যানবাহন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

পুলিশের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার শ্রমিক নেতাদের

বৈঠকের পর সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত, চলবে যানবাহন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৬ ১২:৫১:৪৫ পূর্বাহ্ন

বৈঠকের পর সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত, চলবে যানবাহন

ছবি:সংগৃহীত


সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরুর আগের রাতে কর্মসূচি স্থগিত করেছেন পরিবহন শ্রমিক নেতারা। ফলে সোমবার (১৬ নভেম্বর) থেকে সিলেট জেলায় স্বাভাবিক নিয়মে সব ধরনের পরিবহন চলাচল করবে।

রোববার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে সিলেট মহানগর পুলিশের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবহন শ্রমিক ইউনিয়ন সিলেটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা কর্মবিরতি প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে স্থগিত করা হয়েছে। স্বাভাবিকভাবে যানবাহন চলাচল অব্যাহত রাখতে তিনি পরিবহন শ্রমিকদের প্রতি অনুরোধ জানান।

রাত ১১টার দিকে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেনও কর্মসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।

শ্রমিক-পুলিশের ওই বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্ট নেতারা। পরিবহন শ্রমিক নেতাদের মধ্যে ছিলেন সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলী আকবর রাজনসহ সংগঠনটির শীর্ষ নেতারা।

এর আগে তিন দফা দাবিতে সোমবার সকাল ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছিল সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ। দাবিগুলোর মধ্যে ছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, সিএনজিচালিত অটোরিকশা, ইমা, লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের ব্যবস্থা এবং নগরীতে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম চলাচল বন্ধ করা।

গত ১২ নভেম্বর রাতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের মালিক সমিতির কার্যালয়ে সমন্বয় পরিষদের জরুরি সভায় কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ধর্মঘটের ঘোষণা ঘিরে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর মধ্যে মতবিরোধ দেখা দেয়। এক পক্ষ কর্মসূচির পক্ষে অবস্থান নিলেও অন্য পক্ষ এর বিরোধিতা করে। শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি স্থগিতের ঘোষণা আসে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী