প্রতীকী ছবি
দরজায় কড়া নাড়ছে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদের ছুটিতে কয়েকদিন আগে থেকে বাড়ি ফিরবেন অনেক মানুষ। ঈদের এখনও ১০ দিনের মতো বাকি থাকলেও মানুষ জানতে চায় ঈদযাত্রার সময়টায় কেমন থাকবে আবহাওয়া।
এখন মার্চ মাসের শেষের দিক, বসন্তকাল শেষ হয়ে কালবৈশাখী আসার সময়। এ বছর চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ বা ১ এপ্রিল ঈদ হতে পারে। স্বভাবতই এটি ভাবনার বিষয় যে ঈদের আগের ক'দিন, ঈদের দিন ও ঈদের পরের কিছুদিন কি বাংলাদেশে বৃষ্টি হবে? অতিরিক্ত গরম পড়বে?
২৩ মার্চের পর থেকে গরম পড়বে উল্লেখ করে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, কয়েকদিনের মাঝেই তাপমাত্রা বেড়ে যাবে। ঈদের দিনও বেশ গরম পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মাঝে থাকবে। আর যেদিন বৃষ্টি হবে, তখনও তাপমাত্রা অত না বাড়লেও গরমের অনুভূতি থাকবে।
তিনি জানান, কালবৈশাখীর চরিত্রই এমন। এসময় এরকম বৃষ্টি, গরম হয়। হুট করে ঝড় হয়। কালবৈশাখী আঘাত হানার কতক্ষণ আগে পূর্বাভাস দেওয়া সম্ভব জানতে চাইলে তিনি বলেন, কালবৈশাখী ফর্ম হওয়ার ৩০ মিনিট আগে এটা আমরা ভালো বলতে পারি।
এদিকে, আবহাওয়া অফিস সকাল ৯টায় পূর্বাভাস দিয়েছে তাতে বলা আছে, আগামী দুইদিন সারা দেশে দিনের তাপমাত্রা কমতে পারে। তবে ২৩ তারিখ থেকে তা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তদের মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মার্চের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিকে এক থেকে দুইটি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেইসাথে, তাপমাত্রাও ক্রমান্বয়ে বাড়বে।
জৈন্তা বার্তা/আরআর




