প্রতীকী ছবি
আজ ২০ মার্চ, আন্তর্জাতিক সুখ দিবস। ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৫’ অনুযায়ী, এবারও বিশ্বের সুখী দেশের তালিকায় শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। এছাড়া ১৪৭ দেশের মধ্যে ১৩৪তম সুখী দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২০ মার্চ) এই তালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে ২০২৪ সালে এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪৩ দেশের মধ্যে ছিল ১২৯তম। ২০২৩ সালে এই তালিকায় বাংলাদেশ ছিল ১১৮তম।
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৫ অনুযায়ী, সুখী দেশের তালিকায় প্রতিবেশী ভারতের অবস্থান ১১৮তম, পাকিস্তানের অবস্থান ১০৯তম, মিয়ানমারের অবস্থান ১২৬তম, শ্রীলঙ্কার অবস্থান ১৩৩তম এবং নেপালের অবস্থান ৯২তম।
প্রতিবেদনের মতে, টানা অষ্টমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। ফিনল্যান্ডের পর যথাক্রমে রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইডেন, নেদারল্যান্ড, কোস্টা রিকা, নরওয়ে।
এ ছাড়া সুখী দেশের তালিকায় অষ্টম স্থানে রয়েছে ইসরায়েল। এরপরেই আছে লুক্সেমবার্গ, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, সুইজারল্যান্ড, বেলজিয়াম, আয়ারল্যান্ড, লিথুয়ানিয়া, অষ্ট্রিয়া, ক্যানাডা, স্লোভেনিয়া।
অন্যদিকে বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে আবারও স্থান পেয়েছে আফগানিস্তান।
গ্যালাপ, দ্য অক্সফোর্ড ওয়েলবিইং রিসার্চ সেন্টার ও জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) ও একটি সম্পাদকীয় বোর্ডের যৌথ উদ্যোগে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
অংশগ্রহণকারীদের জীবন নিয়ে সন্তুষ্টির মাত্রা সম্পর্কে জানাতে বলা হয় এবং সে অনুযায়ী সুখী দেশের তালিকায় ওই দেশের অবস্থান নির্ধারিত হয়। পাশাপাশি, এ প্রতিবেদনে ছয়টি সূচককেও বিবেচনায় নেওয়া হয়। এই সূচকগুলো হলো- মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সহায়তা, সুস্থ জীবনযাপনের প্রত্যাশা, জীবনযাপনের ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, বদান্যতা এবং দুর্নীতি নিয়ে মনোভাব।
জৈন্তা বার্তা/আরআর




