ছবি : নিজস্ব
জীবন যুদ্ধ জয়ী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১১-১২ বর্ষের সাবেক শিক্ষার্থী মুজিবুর রহমান রূপকের প্রথম গল্পগ্রন্থ 'আপন ভাটি' প্রকাশিত হয়েছে। বইটি সুনামধন্য প্রকাশনা সংস্থা ঐতিহ্য প্রকাশন থেকে প্রকাশ করা হয়।
মুজিবুর রহমান রূপকের ২০২২ সালে দুটো কিডনি বিকল হয় এবং হার্টের ভালভ-এ ইনফেকশন হয় । ভারতের একটি হাসপাতালে কিডনি ট্রান্সপ্লান্ট ও ওপেনহার্ট সার্জারির মাধ্যমে ভালভ রিপ্লেসমেন্ট করা হয়। ব্যয়বহুল এই চিকিৎসার সমুদয় অর্থ সংকুলান হয় মানুষের উদাত্ত দানে, তিনি ফিরে পান নতুন জীবন। সেই হৃদয়বান মানুষদের বইটি উৎসর্গ করেছেন তিনি। বর্তমানে সুস্থ হলেও প্রতিমাসে প্রায় পনের হাজার টাকা ঔষধের পিছনে খরচ হয় রূপকের। ফলে বইটি বিক্রয়ের সমুদয় লভ্যাংশ সেক্ষেত্রে ব্যয় হচ্ছে এই লেখকের।
প্রথম বই প্রকাশের অনুভূতি জানিয়ে মুজিবুর রহমান রূপক বলেন, ২০২২ সালে আমার দুটো কিডনি বিকল হয়ে যায়। বন্ধুরা, বিশ্ববিদ্যালয় এলামনাই, জুনিয়র ভাইবোনরা আমার চিকিৎসার ফান্ড কালেকশন করতে লাগলো। অসহ্য ডায়ালাইসিস,- সপ্তাহে তিনদিন । একসময় আমার স্মৃতি লোপ পেতে থাকল। শ্বাসকষ্ট হয়ে প্রায় মরার উপক্রম হয় কয়েকবার। হাত পা শীর্ণ হয়ে যায় ৷ তখনো একাকি ডায়ালাইসিস রুমে আমি ভাবতাম, সুস্থ হয়েই একটা গল্পের বই লিখবো আমি। গল্পের থিম নিয়ে ভাবতাম ডায়ালাইসিস বেডে। বন্ধু হাসনাত সুহান তখন বললো 'পান্ডুলিপি দাও, বাকিটা আমি দেখছি।' আমার ভেতর বই করার সাধ আরো বেশি চিরিক দেয়৷ কিন্তু পান্ডুলিপি তখন প্রস্তুত করার অবস্থা ছিল না আমার।
তিনি আরোও বলেন, ভারতে আমরা দুই ভাই-ই যাবার তিন দিন পর বাবা মারা গেল, এর দুইদিন পর শুনি হার্টের ভালভ রিপ্লেস করতে হবে, -ওপেনহার্ট। সার্জারি হয়। ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ায় ক্রমে ভাই, ছোট ভাই তুহিন, ভাগিনা সবাই দেশে চলে যায়।আমি সাহস করে একাই থেকে যাই ভারতে। রান্নাবান্না, ডায়ালাইসিস, টেস্ট - সবকিছু একাই করি প্রায় একমাস(পরে আবার ভাই আসে)। সেই একাকি অদ্ভুত সময়ে স্বপ্ন দেখতাম, দেশে ফিরে যেতে পারলে একটা বই করবো। কিডনি ট্রান্সপ্লান্ট করে এ বছরের ৪ জানুয়ারি দেশে আসি৷ এক অপার্থিব কর্মস্পৃহা অনুভব করি, এক নতুন জীবনের প্রারম্ভ।
রূপক বলেন, ক্যারিয়ার, পরিবার, প্রত্যাশা, স্বপ্ন পুরণের সন্ধিক্ষণে আমার জীবন একটা নাটকীয়তার মুখোমুখি হয়। তবুও এই সময়ে, আমার বইটা প্রকাশ হল। ভেতরে প্রচন্ড আনন্দ বয়ে যাচ্ছে। বইটা নিয়ে আমার শুভাকাঙ্ক্ষীদের অনুভূতি, মতামত ও আলোচনা স্বাভাবিকভাবেই আমার প্রতি সহানুভূতি ও বাৎসল্যপ্রবণ৷ তবুও পাঠক হিসেবে আপনাদের নিরপেক্ষ মতামত চাই, নিজেকে যাতে ঋদ্ধ করতে পারি। বন্ধুদের পরামর্শে দুই ধরণের বিক্রয়মূল্যে বইটি আমার কাছ থেকে পাওয়া যাবে। যেকোনো ক্যাটাগোরিতে স্বচ্ছন্দ্যে বই নিতে পারেন। ১. বইয়ের প্রকৃত প্রিন্ট মূল্য : ২০০ টাকা ২. স্মারকমূল্য ( প্রিন্ট মূল্যের অধিক ইচ্ছেমাফিক)।
উল্লেখ্য, মজিবুর রহমানের ডাকনাম রূপক। জন্ম নেত্রকোনার হাওর উপজেলা মোহনগঞ্জের আজমপুর গ্রামে । প্রাথমিক আর মাধ্যমিক পড়েছেন এলাকার বিদ্যালয়ে।আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিষয়ে স্নাতক আর স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
এম সি




