তিনদিনের ছুটিতে জাফলংয়ে ভিড় করেছেন পর্যটকরা
সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সারাবছরই ভিড় করেন পর্যটকরা।এবারও তার ব্যতিক্রম ঘটেনি।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)-এর ছুটিসহ টানা তিন দিনের ছুটিতে গোয়াইনঘাটে পর্যটকদের ঢল নেমেছে। জাফলংয়ের হিম শীতল স্বচ্ছ জলে নেমে গোসলে মেতেছেন অনেকেই। কেউবা ঘুরে ঘুরে পর্যটন কেন্দ্রগুলোর সৌন্দর্য উপভোগ করছেন। কেউ এসেছেন পরিবারসহ, কেউ বন্ধুদের সঙ্গে। আনন্দে মেতেছেন পর্যটকরা।
হোটেল-মোটেলসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পর্যটকদের প্রচারণায় খুশি ব্যবসায়ীরা।
সরেজমিনে জানা যায়, পবিত্র ঈদে মিলাদুন্নবী’সহ সাপ্তাহিক ছুটিতে সিলেটের হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরাণ (রহ.) ও গাজী বুরহান উদ্দিনের মাজারসহ পর্যটনকেন্দ্র সাদাপাথর, জাফলং, বিছানাকান্দি, রাতারগুল, লাক্কাতুরা চা বাগানে পর্যটকটরা ভিড় করছেন।
পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, ২৮সেপ্টেম্বর থেকে ৩০সেপ্টেম্বর তিনদিনের টানা ছুটিতে পর্যটন স্পটগুলোতে ভ্রমণ প্রত্যাশীদের আনাগোনা বেড়েছে। এছাড়াও জেলার বেশ কিছু হোটেলের অধিকাংশ কক্ষ আগাম বুকিং দিয়ে রেখে ছিলেন পর্যটকেরা।
প্রকৃতি কন্যা হিসেবে সারা দেশে পরিচিত জাফলং পর্যটনস্পট। এবারও জাফলং এ পর্যটকদের প্রচারণায় মুখর। প্রচন্ড গরম উপেক্ষা করে জাফলংয়ে ভিড় করছেন পর্যটকরা। বাস, ট্রাক, মিনি বাসসহ ছোট যানবাহনে করে ভ্রমণপ্রমিী মানুষজন এখানে এসে আনন্দ ভাগাভাগি করছেন।
সবুজ সতেজতায় নিজেকে আবৃত্ত করতে মানুষজন ছুটে এসেছে প্রকৃতির দূরগোড়ায়। দিগন্ত জোড়া পাহাড়, ছোট বড় টিলা, পাহাড়ের গায়ে সবুজ গাছের সারী, পিয়াইনের বুকচিরে বয়ে চলা প্রবাহমান স্বচ্ছ স্ফটিক জল, নুড়ি পাথর, চা বাগান, গহিন বন, হিজল করচের অরণ্য ঘেরা সবুজ বেষ্টনী, পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণার সৌন্দর্য উপভোগে পর্যটকরা এসেছেন এখানে।
রাজশাহী থেকে আসা রিয়াজ উদ্দিন ও ঢাকা থেকে ঘুরতে আসা মৌসুমী বলেন, গোয়াইনঘাট উপজেলার প্রকৃতি ও পরিবেশ অত্যন্ত চমৎকার যা মন ছুঁয়ে যায়। তবে যোগাযোগ ব্যবস্থার জন্য কিছুটা ভোগান্তি পেতে হয়েছে।
জাফলংয়ের পর পর্যটকদের উপস্থিতিতে দ্বিতীয় স্থানে রয়েছে মিঠা পানির জলাবন রাতারগুল এবং পান্তুমাই পর্যটন স্পট ও গোয়াইনঘাট উপজেলার পর্যটন স্পট বিছনাকান্দি।
গোয়াইনঘাট উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল জানান, বেশ কিছুদিন পর টানা তিন দিনের ছুটিতে ভ্রমন পিপাসু পর্যটকরা পরিবার পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব যে যার যার মত করে এসেছে। এই ছুটির সময়টা তাদের প্রিয় মানুষদের নিয়ে ভ্রমণের মাধ্যমে আনন্দে কাটাতে।
তিনি জানান,গোয়াইনঘাট উপজেলার পর্যটন স্পট সহ কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন স্পট সাদা পাথরে পর্যটকদের পদচরণায় মুখরিত। ছুটির প্রথম দিনে পর্যটক কিছুটা কম থাকলেও দ্বিতীয় দিনে এসে পর্যটন স্পটগুলোতে পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তৃতীয়দিনে পর্যটকের এমন উপস্থিতি থাকবে না বলে তিনি জানান। কারণ পরের দিন অফিস আদালত খোলা।
তিনি আরো জানান,আগত পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে তারা যাতে স্বাচ্ছন্দে ভ্রমন করতে পারে কোনভাবে হয়রানির শিকার না হয় তার জন্য উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে।প্রতিটা পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের ইন্সপেক্টর রতন শেখ বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় আমরা সবসময় নিয়োজিত আছি। পর্যটকরা যাতে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন সেজন্য আমরা কাজ করছি। এছাড়াও বিভিন্ন স্পটের নৌকার ভাড়া নির্ধারণ করা আছে। কোনো অবস্থাতেই এর থেকে বেশি নেওয়া যাবে না।
তিনি বলেন, তিন দিনের ছুটিতে বিপুলসংখ্যক পর্যটক আসছে। সে জন্য আমাদের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শুধু পর্যটনে নয়, সব জায়গায় আমাদের পুলিশ সদস্যরা কাজ করছেন।
ডিডি




