১৪ বছর ধরে বন্ধ ভূমিকম্প পরিমাপক যন্ত্র
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

১৪ বছর ধরে বন্ধ ভূমিকম্প পরিমাপক যন্ত্র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৩/২০২৫ ১২:৩৮:৪৩ অপরাহ্ন

১৪ বছর ধরে বন্ধ ভূমিকম্প পরিমাপক যন্ত্র

ছবি : সংগৃহীত


প্রায় ১৪ বছর ধরে বন্ধ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) স্থাপিত ভূমিকম্প পরিমাপক (সিসমোগ্রাফ) যন্ত্রটি। ২০১০ সালে প্রায় ৫০ লাখ টাকা ব্যায়ে যন্ত্রটি ক্যাম্পাসে স্থাপন করা হয়। কিন্তু যন্ত্রটি বন্ধ থাকায় শুক্রবারের ভূমিকম্পেও যন্ত্রটি কাজে আসেনি। যদি ২৪ ঘণ্টা এ যন্ত্র মনিটর করা হয় তাহলে জনগণকে ভূমিকম্প সম্পর্কে অবহিত করার পাশাপাশি জানমালের ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

বিশেষজ্ঞরা বলছেন, এই যন্ত্রের অংশ বিশেষ (প্লেট) মাটির নিচে থাকে। এই প্লেটের সাহায্যে সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির অবস্থান নির্ণয় করা হয়। অর্থাৎ ভূমির অবস্থান ওপরে উঠছে, নাকি নিচে নামছে তা পর্যবেক্ষণ করা হয়। তাছাড়া নিজস্ব কিংবা সরকারি অর্থে ব্যয়বহুল এই যন্ত্র নতুন করে স্থাপন সম্ভব নয়।

তবে বিদেশি উন্নয়ন সংস্থার সহযোগিতায় এই যন্ত্র স্থাপনের মাধ্যমে ভুমিকম্পের আগাম বার্তা দেয়া সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করেন। 

পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ক্যাম্পাসে স্থাপিত যন্ত্রটি শুধু অতি পুরাতন নয়, এটি একটি এ্যানালগ মেশিন। আধুনিক বিশ্বের বিভিন্ন দেশে ভূমিকম্প নিরীক্ষণের আরও আধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে। তাই পবিপ্রবিতে বসানো যন্ত্রটির কার্যকারিতা আদৌ এখন আছে কিনা সেটা বলা যাচ্ছে না।

তবে ভূমিকম্প এর জন্য জাপানের ন্যায় আমাদের দেশেও মাল্টিডিসিপ্লিনারি টিম  তৈরি কওে অত্যাধুনিক যন্ত্র স্থাপন করে সিসমিক এর উপরে গবেষণা অব্যাহত রাখা প্রয়োজন বলে উপাচার্য মন্তব্য করেন।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার দুপুর ১২টা ২৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার। ৭ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প বড় ধরনের বলে গণ্য করা হয়।

যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের উদ্যোগে ২০১০ সালের দিকে পবিপ্রবিতে যন্ত্রটি স্থাপন করা হয়। পরবর্তীতে ২০১১ সালের জানুয়ারিতে যন্ত্রটিতে সমস্যা দেখা দেয়। সে অনুযায়ী অ্যাকাডেমিক ভবনের আন্ডারগ্রাউন্ড চেম্বারের সঙ্গে ইন্টারনেটের পূর্ণাঙ্গ সংযোগসহ যন্ত্রটি চালু করা হয়। কিন্তু বছর না ঘুরতেই আবার বিকল হয়ে পড়ে যন্ত্রটি। সেই থেকে দীর্ঘ ১৪ বছর ধরে যন্ত্রটি পুরোপুরিই বন্ধ রয়েছে।

পবিপ্রবির এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল আমিন কালের কণ্ঠকে বলেন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, জিও ইনফরমেশন সায়েন্স এন্ড আর্থ অবজারভেশন বিভাগ এবং এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্বাবধায়নে যন্ত্রটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ আবদুল্লাহ আল মামুন হোসেন বলেন, একটি প্রকল্পের অধিনে যন্ত্রটি স্থাপন করা হয়েছিল। শুরুতেই যন্ত্রটি সচল রাখা যাচ্ছিল না। একটা পর্যায়ে সেটি অচল হয়ে পড়ে। একইসঙ্গে প্রকল্পের মেয়াদও শেষ হয়ে যায়। কিন্তু প্রকল্পে যন্ত্রটি রক্ষণাবেক্ষনের জন্য কোন বরাদ্ধ ছিল না। নতুন প্রশাসন বিষয়টি আন্তরিকতার সঙ্গে অনুধাবন করছেন।  

পবিপ্রবির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এসএম তাওহিদুল ইসলাম বলেন, ভূমিকম্পের ফলে প্রাইমারী, সেকেন্ডারি এবং সারফেস ওয়েবের সৃষ্টি হয়। সারফেস ওয়েব ভূমিকম্পের মূল শক্তি বহন করলেও প্রাইমারী ওয়েব, সারফেস ওয়েবের আগে দ্রুততার সাথে ভূপৃষ্ঠে পৌছায়। অত্যাধুনিক সেন্সরগুলো ডিটেকশন এর মাধ্যমে আগাম সতর্কসংকেত দিয়ে থাকে।

শুক্রবার (২৮ মার্চ) মিয়ানমারে কেন্দ্রীভূত এক শক্তিশালী ভূমিকম্প দক্ষিণ-পূর্ব এশিয়াকে কাঁপিয়ে দিয়েছে। এই ভয়াবহ ভূ-কম্পনে কেবল মিয়ানমারেই ১৪৪ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে এই ভূমিকম্পের কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি বহুতল ভবন ধসে পড়েছে। যেখানে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধান করছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১৭ জন নিখোঁজ ও ৫ জন নিহত হয়েছেন। তবে বাংলাদেশি নাগরিকরা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন উভয় দেশের রাষ্ট্রদুত।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ: