হরিপুরে পাখির মাংস বিক্রির খবরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
জৈন্তাপুর উপজেলায় হরিপুর বাজারে এবারও পাখির মাংস বিক্রির প্রমাণ পায়নি ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩০) সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মিথ্যা তথ্য দিয়ে হাঁসের মাংশ পাখি বলে বিক্রির প্রমাণও পাওয়া যায়।
জানা যায়, বিকেল সাড়ে তিনটার সময় হরিপুর বাজারে তারু মিয়া হাটিতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সোনার বাংলা রেষ্টুরেন্ট নামে একটি হোটেলে ক্রেতাদের কাছে হাঁসের মাংশ ঘুঘু পাখির মাংশ বলে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এবং হোটেলে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তাছাড়া তারু মিয়া,শাহপরাণ, চাচী হোটেল, নিউ উজান-ভাটিসহ বেশ কয়েকটি হোটেলে লাইসেন্স নবায়ন না থাকা ও খাবারের মূল্য তালিকা না পাওয়ায় বিভিন্ন পরিমাণে জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেন, এর আগেও পাখি বিক্রির অভিযোগে বিভিন্ন সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান করা হয়েছিলো। বিভিন্ন জেলা থেকে আগত দর্শনার্থীদের নিকট হাঁস,রাজহাস রান্না করে পাখির নাম করে বিক্রির অভিযোগ প্রায় শুনা যায়। ভবিষ্যতে এধরণের কোন অভিযোগ পুনরায় প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।
এ সময় বাজার ব্যবসায়ী কমিটির নেতাদের উপস্থিতিতে চলতি সপ্তাহের মধ্যে সব হোটেল রেস্তোরাঁয় লাইসেন্স নবায়ন ও খাবারের মূল্যতালিকা প্রদর্শন ও ক্রেতাদের সাথে প্রতারণা করে খাবার বিক্রি না করতে কঠোর নির্দেশনা প্রদান করেন।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমানসহ পুলিশের টিম।
SH




