ছবি : সংগৃহিত
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে ফের মাঠে নেমেছে জেলা প্রশাসন। রোববার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে এ অভিযান শুরু হয়েছে। এছাড়াও জেলার ১৩টি উপজেলা, ৫টি পৌরসভা ও ১০৫টি ইউনিয়নের ৯৪৫টি ওয়ার্ডে একযোগে সকল সরকারি দপ্তর, শিক্ষা-প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক-বীমা, শপিং মল ও বাসা-বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কথা রয়েছে।
সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন শেখ রাসেল হাসান। এ সময় জেলা প্রশাসন প্রাঙ্গনের চারদিকের ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়।
এর আগে ১৩ আগস্ট একই কার্যক্রম পরিচালনা করেছিল জেলা প্রশাসন।
এছাড়া ডেঙ্গুর প্রকোপ থাকাকালীন প্রতি মসজিদে যোহর ও এশার আযানের আগে এবং জুমআর নামাজের খুৎবায় ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত সচেতনতা বার্তা প্রচার করতে আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন- মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বৃষ্টির পানি কোথাও যেন জমে না থাকে- সেদিকে সবার খেয়াল রাখা জরুরি। ডেঙ্গু মশার আক্রমণ থেকে রক্ষা পেতে বাড়ির আশেপাশের জঙ্গল কেটে পরিষ্কার করতে হবে। গ্রামে-গঞ্জে সবাই পরিষ্কার পরিচ্ছনতা অভিযান করলে সিলেটকে ডেঙ্গুমুক্ত করা সম্ভব হবে।
SH




