গোলাপগঞ্জের ওসির প্রত্যাহার দাবিতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

গোলাপগঞ্জের ওসির প্রত্যাহার দাবিতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৩ ০২:০২:৫৬ পূর্বাহ্ন

গোলাপগঞ্জের ওসির প্রত্যাহার দাবিতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

গোলাপগঞ্জে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ


গোলাপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যাহার দাবিতে সড়ক অবরোধ করে রেখেছে পরিবহন শ্রমিকরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে গোলাপগঞ্জ পৌর শহরে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন  বাস ট্রাক, সিএনজি অটোরিকশা, মাইক্রোবাস চালক শ্রমিকরা। 

বেলা পৌনে ২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত  অবরোধ অব্যাহত রয়েছে। এসময় সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ কমিটির সাধারণ সম্পাদক লিলু মিয়া জানান,  গত ২৫ সেপ্টেম্বর হেতিমগঞ্জে বাঘার একজন ব্যক্তিকে আমাদের একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এরপর ২ অক্টোবর (সোমবার) আহত ওই ব্যাক্তি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

তিনি বলেন, ওই ব্যাক্তির পরিবারের সাথে শ্রমিকদের সমঝোতা হলে নিহত ব্যাক্তির পরিবার মামলা করবে না বলে জানায়। পরিবারের সদস্যরা নিহত  ব্যাক্তির লাশ ময়না তদন্ত ছাড়া দাফনের আবেদন  করে। এজন্য  গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের সাক্ষরের প্রয়োজন হয়।  কিন্তু নানা অজুহাতে তিনি সময় ক্ষেপণ করতে থাকেন। সোমবার ওসি জানান তিনি সাক্ষর দিতে পারবেন না। এর প্রতিবাদে আমরা সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছি।

 এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সাথে একাধিবোর যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে অবরোধের শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকদের একটি প্রতিনিধি দল গোলাপগঞ্জ মডেল থানায় প্রবেশ করেছে বিষয়টি সমাধানের জন্য। এখনো থানা পুলিশেত সাথে বৈঠক হচ্ছে।

 এদিকে প্রায় সাড়ে ৩ঘন্টা ধরে সড়ক অবরোধের কারণে দুদিকে অনেক গাড়ি আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

ডিডি