ওসির প্রত্যাহার দাবি: ৫ ঘন্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

ওসির প্রত্যাহার দাবি: ৫ ঘন্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৩ ০৫:১৮:৩৮ পূর্বাহ্ন

ওসির প্রত্যাহার দাবি: ৫ ঘন্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার

সড়ক অবরোধের কারণে গোলাপগঞ্জে তীব্র যানজট দেখা দেয়


সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি)-প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ ৫ ঘন্টা পর প্রত্যাহার করে নিয়েছেন পরিবহন শ্রমিকরা। 

মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে পরিবহন শ্রমিকরা গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন। পরে পুলিশের সঙ্গে বৈঠক শেষে বিকাল ৩টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা। এই সময় শ্রমকিরা তাদের দাবি পুরণে  ৭২ঘন্টার আল্টিমেটাম দেন।  

শ্রমিক নেতারা জানিয়েছেন, গত ২৫ সেপ্টেম্বর হেতিমগঞ্জে বাঘার একজন ব্যক্তিকে মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এরপর ২ অক্টোবর (সোমবার) আহত ওই ব্যাক্তি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যুবরণ করেন। ওই ব্যাক্তির পরিবারের সাথে শ্রমিকদের সমঝোতা হলে নিহত ব্যাক্তির পরিবার মামলা করবেনা বলে সিদ্ধান্ত নেয়। 

শ্রমিক নেতারা জানান, নিহত ব্যাক্তির লাশ ময়না তদন্ত ছাড়া আনতে চাইলে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের সাক্ষরের প্রয়োজন হয়। কিন্তু নানা অজুহাতে তিনি সময়ক্ষেপণ করতে থাকেন। এরপর সোমবার তিনি সাক্ষর দিতে পারবেন না বলে জানান। এর প্রতিবাদে তারা সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করা হয় বলে জানান শ্রমিক নেতারা।


সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম জানান, আমরা গোলাপগঞ্জ মডেল থানার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ চন্দ্র দাশের সাথে বৈঠক করেছি। তিনি আশ্বাস দিয়েছেন বিষয়টি সমাধান করে দিবেন। পরে আমরা শ্রমিকদের সাথে বসে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে রাস্তার অবরোধ তুলে নিয়েছি। সেই সাথে আমি গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের প্রত্যাহার দাবি জানাচ্ছি। 


এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তি সিলেট কতোয়ালি থানা এলাকায় মারা গেছেন। তার সুরতহালও ওইখানে হয়েছে। ফলে ময়না তদন্ত ছাড়া দাফনের আবদেন কোতয়ালি থানা পুলিশের সাক্ষর করার কথা। এই বিষয়টি শ্রমিক ভাইরা বুঝতে পারেননি। তাই একটি ভুল বুঝাবুঝি হয়েছে। তবে আজ বিষয়টি সমাধান হয়ে গেছে।

এদিকে প্রায় সাড়ে ৫ঘন্টা  সড়ক অবরোধের কারণে রাস্তার  দুদিকে কয়েক শতাধিক গাড়ি আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ।

শিক্ষার্থী আল আমিন বলেন, আমি ২ ঘন্টা থেকে রাস্তায় আটকা পড়েছি। রাস্তা অবরোধ তাকায় আজ ইউনিভার্সিটিতে যাওয়া সম্ভব হয়নি। বাধ্য হয়ে বাড়িতে ফিরতে হচ্ছে তবে রাস্তা অবরোধ তাকায় বাড়িতে ও যাওয়া সম্ভব হচ্ছে না।  

জকিগঞ্জ থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে অসুস্থ  পুত্রবধুর জন্য  সকালের খাবার নিয়ে বের হয়েছেন রোজিনা বেগম। গোলাপগঞ্জে শ্রমিকরা রাস্তা অবরোধ করায় মেডিকেলে আর যাওয়া সম্ভব হয় নি রোজিনা বেগমের। এই প্রতিবেদকে তিনি জানান তার পুত্রবধুর জন্য নিয়ে আসা খাবার ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। 

বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্য সুমনং চিং বলেন,  তিনি জাফলং থেকে জকিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন কিন্তু গোলাপগঞ্জে শ্রমিকদের রাস্তা অবরোধ করে বিক্ষোভের কারণে যেতে পারছেন না। 

ডিডি