শাবিতে স্বপ্নোত্থান আয়োজিত বইমেলায় ক্রেতাদের ভিড়
অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট (এএসডি) রোগে আক্রান্ত এক বছর বয়সী শিশু তাহসিনের চিকিৎসা সহায়তায় ১২ দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থান।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এ বইমেলা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও স্বপ্নোত্থানের উপদেষ্টা অধ্যাপক আমিনা পারভীন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও শিশু সাহিত্যিক তুষার কর। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্বপ্নোত্থানের উপদেষ্টা সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম, আইএমএলর সহকারী অধ্যাপক মো. রিয়াদুল ইসলাম এবং যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক সিয়ামুল বাশার। এছাড়া বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ফারজানা সিদ্দিকা, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আলমগীর কবির, সমুদ্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সুব্রত সরকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আমেনা পারভিন বলেন, "শিশুর চিকিৎসা সহযোগিতা করার লক্ষ্যে স্বপ্নোত্থান এ আয়োজন করেছে। এটা প্রশংসনীয় একটি উদ্যোগ। এ বইমেলাকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। মানুষকে সাহায্য করার বিষয়টা উপলব্ধি করে সবাই যত বেশি বই কিনবো তত বেশি সাহায্য করা সম্ভব হবে।"
স্বপ্নোত্থানের সভাপতি আব্দুল্লাহ আল সাইফ বলেন, আপনাদের সহযোগিতায় আমাদের প্রোগ্রামটি সুন্দরভাবে সম্পন্ন করে তাহসিন এর মুখে হাসি ফোটাতে পারব আশা করি।”
তিনি আরো বলেন, এবারের বইমেলায় ১৯টি প্রকাশনীর বই পাওয়া যাবে। আর প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এবং শুক্রবার ও শনিবার দুপুর ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বইমেলার স্টলগুলো খোলা থাকবে।
ডিডি




