ছবি: নিজস্ব
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তঃবিভাগ (মেয়ে) ভলিবল প্রতিযোগিতায় সমু্দ্রবিজ্ঞান বিভাগকে ২-০ সেটে হারিয়ে টানা তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয় সমাজকর্ম বিভাগ। অপরদিকে ছেলেদের খেলায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ (আইপিই)।
মঙ্গলবার (০৩ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
মেয়েদের খেলায় চ্যাম্পিয়নশীপ ধরে রাখতে সমুদ্রবিজ্ঞান বিভাগের বিপক্ষে মাঠে নামে সমাজকর্ম বিভাগ। এতে ২-০ সেটে জয়লাভ করে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হয় সমাজকর্ম বিভাগ।
ছেলেদের খেলায় দুই ফাইনালিস্ট ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ শিরোপার জন্য মাঠে নামে। এতে ২-১ সেটে জয়ী হয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে শিরোপা নিজেদের করে নেয় আইপিই বিভাগ।
খেলা শেষে চ্যাম্পিয়ন টিম এবং রানারআপ টিম উভয়ের হাতে ট্রফি, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা উপ কমিটির আহ্বায়ক ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, বিভিন্ন বিভাগের প্রধান, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়া, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করলে নেতৃত্ব তৈরি হয়। তাই শিক্ষার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতেও এগিয়ে থাকতে হবে শিক্ষার্থীদের।
এম সি




