বিএনপির একটি মিছিল থেকে সারদা হলে হামলা চালানো হয়। ফাইল ছবি
সিলেট নগরের সারদা স্মৃতি ভবনের হলরুমে নাট্যকর্মীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সিলেট বিএনপি।
মঙ্গলবার (৩ অক্টোবর) রাত সাড়ে আটটায় সারদা হলে সিলেটের সংস্কৃতিকর্মীদের সাথে এক বৈঠকে সিলেট বিএনপি নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ করেন।
এসময় বিএনপির প্রতিনিধি দলের মধ্যে ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন,সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ।
সংস্কৃতিকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নাজনীন হোসেন, মোকাদ্দেস বাবুল, আল আজাদ, অরিন্দম দত্ত চন্দন,অনুপ কুমার দেব, বিভাষ শ্যাম যাদন,অর্ধেন্দু কুমার দাশ,সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজতকান্তি গুপ্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট এর সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, সাংস্কৃতিক সংগঠক শামসুল বাসিত শেরো, খোয়াজ রহিম সবুজ, বিপ্লব শ্যাম সুমন, নাজমা পারভীন,হুমায়ুন কবীর জুয়েল, সুকান্ত গুপ্ত, খোকন ফকির, নাহিদ পারভেজ বাবু প্রমুখ।
বৈঠকে শেষে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা অবশ্যই দোষী। আমরা বিএনপি কখনো এই রকম সমর্থন করে না। সিলেট বিএনপি পক্ষ থেকে এই ঘটনার জন্য প্রকাশ করছি।আমরা চাই যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তারা শাস্তি পাক।
তিনি বলেন, আমরা সিলেটের সংস্কৃতিকর্মীদের সাথে বৈঠক করে যাতে এই ঘটনাটি সামাজিকভাবে সমাধান করা যায় তা আলোচনা করেছি। আমরা মনে করি বিগত দিনের মতো সিলেটর আন্তরিক পরিবেশ রক্ষা করে একটি সুন্দর সামাধানে পৌঁছাতে পারবো।
এব্যাপারে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজতকান্তি গুপ্ত বলেন, সিলেটের রাজনীতিবীদের আমরা সম্মান করি।বিএনপির পক্ষ থেকে যারা আজ এসেছিলেন তারা হয়তো বুঝতে পেরেছেন কারা এই ঘটনা ঘটিয়েছে। তাই আমাদের সাথে যোগাযোগ করে আজ বৈঠকে বসেন এবং দুঃখ প্রকাশ করেন।আমরা তাদের দুঃখ প্রকাশকে স্বাগত জানাই।
উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে নগরের কিনব্রিজ এলাকার সারদা হলে বিএনপির রোডমার্চ ও সমাবেশমুখী একটি মিছিল থেকে সারদা হলে সংস্কৃতিকর্মীদের উপর হামলার অভিযোগ উঠে। হামলায় অন্তত ১০ জন সংস্কৃতিকর্মী আহত হয়েছেন।
ঘটনার দুদিন পর রজতকান্তি গুপ্ত বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
পরে গত ২৫ সেপ্টেম্বর দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও সিলাম টিলাপাড়া এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে মো.হারুন মিয়াকে এবং ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় পারাইচক এলাকা থেকে সালেহ আহমদ ওরফে আবু ছালেহকে গ্রেপ্তার করা হয়।
ডি ডি




