ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসীকল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ
সিলেটের জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রান্তিক অঞ্চল ডুলটিরপাড় মানুষের দীর্ঘদিনের স্বপ্নের সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন হতে যাচ্ছে শুক্রবার। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসীকল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি।
এই সেতু নির্মানের সাথে সাথে জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৩ নং ওয়ার্ডের প্রায় ছয় হাজার জনগোষ্ঠীর জীবনমান ও আর্থসামাজিক উন্নয়নে আসবে ব্যপক পরিবর্তন। বিশেষ করে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের স্বপ্ন দেখছেন স্থানীয়রা।
জৈন্তাপুরের রাংপানি ও নাপিতখাল হয়ে এবং গোয়াইনঘাটের নলজুরী নদী একত্রে মিলিত হয়ে চাপানি নদী ডুলটিরপাড়, বাওন হয়ে সারীতে মিলিত হয়েছে। এই চাপানিনদীর উপর আমবাড়ী ডুলটিরপাড় অংশে ৬৪ মিটার লম্বা ও ১৮ ফিট প্রস্হের আরসিসি গার্ডার সেতু নির্মান হতে যাচ্ছে।
জৈন্তাপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৭ কোটি ১৮লাখ ৮৬ হাজার টাকায় নির্মান ব্যায়ে আগামী ২ বছরের মধ্যে সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার কথা রয়েছে। মেসার্স আবুল কালাম আজাদ ও নাজমুস সাদাত ট্রেডার্স নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে এই সেতুর নির্মান কাজ করবে ।
এই ব্রিজটি ডুলটিরপাড় সহ বাওনা হাওড়, শেওলারটুক ও পূর্ব জাফলং এর একাংশের মানুষের কাজে আসবে।
স্থানীয় প্রবীন মুরুব্বি বীরমুক্তিযোদ্ধা লেহাজউদ্দিন আনন্দ প্রকাশ করে বলেন, এটা আমাদের একটা স্বপ্ন। অত্র এলাকার ছয়বারের নির্বাচিত এমপি ইমরান আহমেদের হাত ধরে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে এজন্য আমরা ডুলটিরপাড়বাসী তার নিকট কৃতজ্ঞ। জীবনের শেষ সময়ে আমার বাড়িতে গাড়ি আসবে এটা দেখার একটা স্বপ্ন ছিলো, অবশেষে ইমরান আহমেদ মন্ত্রীর হাত ধরে সেটা বাস্তবে রূপ নিচ্ছে।
এলাকার স্থানীয় কৃষক মো শহীদ মিয়া বলেন, এই ব্রিজ নির্মাণে আমাদের শীত মৌসুমে রবিশস্য সবজি দ্রুত বাজারে নিতে সুবিধা হবে। শুধুমাত্র যোগাযোগ অসুবিধার কারণে নদী শুকনো মৌসুমে শত শত একর জমি অনাবাদি রাখা হতো। স্বপ্নের এই সেতু ভিত্তিপ্রস্তরে খবরে সকল কৃষকদের মাঝে আনন্দ বিরাজ করছে।
স্হানীয় ইউ/পি সদস্য আব্দুল কাদির বলেন, যুগ যুগ ধরে এলাকার কয়েকশ একর অনাবাদি জমি ছিলো। যেগুলোতে ছয়মাস পানির নিচে থাকতো আর শুকনো মৌসুমে অনাবাদি পড়ে থাকতো। গত ২০১৮/১৯ সাল থেকে এই জমিগুলোতে তরমুজ ও নাগামরিচের বাম্পার ফলন হয়। এখন স্থানীয় কৃষকরা প্রতি বছর তরমুজ চাষের দিকে ঝুকছে।
যে তরমুজ আগাম মৌসুমে চট্টগ্রাম, কুমিল্লা, বিবাড়ীয়া থেকে ব্যপারীরা কিনতে আসেন। সবচেয়ে সমস্যা হতো বিশাল পরিমানে এই ফল বহন করে নদীর পাড় পর্যন্ত আনতে কৃষকদের প্রচুর পরিশ্রম করতে হলো। এই ব্রিজটি নির্মিত হলে ফসলের বহন কাজে ছোট ছোট ট্রাক, ট্রাক্টর সরাসরি ক্ষেত থেকে শস্য বহন করতে পারবে। এ কারণে স্হানীয়রা কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের স্বপ্ন দেখছেন।
২ নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন, এ ইউনিয়নের মানুষের নিকট ডুলটিরপাড় সেতু পদ্মা সেতুর মত স্বপ্নের। এই স্বপ্নটি আজ বাস্তবায়নের পথে। এটি নির্মাণের ফলে ইউনিয়নে যোগাযোগে শুধু বৈপ্লবিক পরিবর্তন নয় বরং শিক্ষা ক্ষেত্রে, কৃষি সহ এমনি কি প্রাকৃতিক দূর্যোগের সময় মানুষের নিরাপদ আশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিডি




