রায় ঘোষণার পর সাংবাদিকদের সাথে কথা বলছেন সিলেট জেলা জজ আদালতের পিপি নিজাম উদ্দিন
সিলেটে হত্যা ও মাদকের পৃথক মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মাদকের মামলায় আরও দুই আসামিকে ৫ বছর করে সাজা এবং তিনজনকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিতিত ছিলেন।
সিলেট জেলা জজ আদালতের পিপি নিজাম উদ্দিন জানান, হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুভাষ কুর্মী ওরফে মেটন সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুলনি চা বাগানের মৃত মুকুল কুর্মীর ছেলে। রায়ে তাকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আর মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল মালিক লিটন সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম লাখের পাড় গ্রামের হাজি শহীদ উদ্দিন ওরফে শহির আলী ছেলে।
মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২ এপ্রিল দুপুরে সবিতা মুণ্ডা নামে এক নারীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন সুভাষ কুর্মী। ওই নারী ঘটনাটি তার মাকে জানালে সবিতাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন সুভাষ। এরপর ২৯ এপ্রিল রাত ৮টার দিকে সবিতাকে বিয়ে করবেন বলে বাড়ি থেকে করে নিয়ে যান সুভাষ।
পরে ৩০ এপ্রিল সকাল ৬টার দিকে গুলনী চা বাগানের একটি কাঁঠাল গাছ থেকে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় সবিতার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত ওই নারীর ভাই সুরেন মুণ্ডা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন। থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন ভুঁইয়া সুভাষ কুর্মী মেটনকে অভিযুক্ত করে একই বছরের ২৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র (নং-৩২৮) দাখিল করেন।
২০২৩ সালের ২৬ জুলাই আসামি সুভাস কুর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচারকালে ২২ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
এছাড়া, এক কেজি হেরোইন বহনের দায়ে আব্দুল মালেক লিটনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়। এই মামলার অপর আসামি মাসুম আহমদ ওরফে মাসুদ ও দুলাল মিয়া ওরফে দুলাল আহমদকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ড দেন একই আদালতের বিচারক।
একই মামলায় খালাস প্রাপ্ত চার অভিযুক্তরা হলেন- সোহেল বুনার্জী, ফরিদ মিয়া, হোসেন ও মুকুল মিয়া ওরফে মুকুল বখত।
ডিডি




