সকাল থেকেই টানা বৃষ্টি হচ্ছে সিলেটে
দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে সিলেটে। তবে বৃহস্পতিবার রাত থেকে একেবারে টানা বৃষ্টি হচ্ছে। শুক্রবার ছুটির দিনের সকালও বৃষ্টিময়। এতে শরতের শেষেও ফিরেছে বর্ষার রূপ।
টানা বৃষ্টিতে দুর্ভোগে পরেছেন নগরবাসী। নগরের অনেক স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতাও।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় থাকা লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে আছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এ কারণে বৃষ্টি হচ্ছে।
শুক্রবার সকালে সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন- বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে বৃষ্টি হয়েছে ৫০.৮ মিলিমিটার। আর শুধু শুক্রবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে।
শুক্রবার দিনভর বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এর আগে আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানায়- সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়- শনিবারও (৭ অক্টোবর) এর রেশ থাকতে পারে।
এদিকে, সিলেটে গত দু-তিন থেকে অবিরাম বৃষ্টি হওয়ায় কিছুটা থমকে গেছে জনজীবন। জীবিকার তাগিদে বাইরে বেরনো মানুষ পোহাচ্ছেন ভোগান্তি।
ডি ডি




