সিলেট নগরীতে ভয়াবহ জলাবদ্ধতা
গত কয়েক ঘণ্টা মুষলধারে বৃষ্টির প্রভাব পড়েছে সিলেট নগরীতে। টানা বৃষ্টির ফলে সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট ও বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে।বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। ভারী বর্ষণে নগরীর উঁচু এলাকায়ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
আম্বরখানা , জালালাবাদ আবাসিক এলাকাসহ সিলেট- সুনামগঞ্জ সড়কে কোমরপানি বলে জানিয়েছেন ঐ এলাকার বাসিন্দা সাংবাদিক আব্দুল কাদের তাপাদার।
নগরীর প্রায় সব এলাকায় দোকান পাট ডুবে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (০৬ অক্টোবর) দিবাগত রাত ১১টার পর থেকে চলা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে নগরীর বেশ কয়েকটি এলাকা।
এদিকে সন্ধ্যার পর সিলেটে শুরু হয় ভারী বর্ষণ। এতে নগরীর সব এলাকায় জলাবদ্ধতা আরও তীব্র আকার ধারণ করে। এ ছাড়া আরও নতুন নতুন কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।

জানা যায়, সিলেট নগরীর কাজল শাহ, উপশহর, দরগা মহল্লা, কালীঘাট, বাগবাড়ি, কানিশাইল, লামাপাড়া, লালা দিঘিরপাড়, মেজর টিলা, হাউজিং এস্টেট, মিরাবাজার, সোনার পাড়া, মাছুদিঘির পাড়সহ বেশ কয়েকটি এলাকার দোকানপাট রাস্তাঘাট ও বাসা বাড়িতে পানি প্রবেশ করেছে।
সিলেট নগরীর বাগবাড়ির সোনারবাংলা আবাসিক এলাকার সাদিকুর রহমান সোহাগ বলেন, টানা বৃষ্টিতে সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় পানি প্রবেশ করেছে। আমার এলাকা বাগবাড়িরও বেশ কয়েকটি দোকানপাট ও বাসা বাড়িতে পানি প্রবেশ করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে আবারও সিলেটে বন্যার আশঙ্কাও রয়েছে।
সিলেট নগরীর উঁচু এলাকা মেজর টিলা ইসলামপুর এলাকার বাসিন্দা ইকবাল আহমদ বলেন, রাত সাড়ে ৩টার দিকে আমাদের বাসার পার্কিং এরিয়ায় পানি প্রবেশ করেছে। এতে গাড়ি আসবাবপত্রসহ বেশ কিছু জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে। আর যেভাবে টানা বৃষ্টি চলছে পানি কোথায় গিয়ে দাঁড়াবে তা এখন বলা মুশকিল। বিগত বন্যায় ও উঁচু এলাকায় হওয়ার কারণে বন্যার পানি কিংবা জলাবদ্ধতার কবলে পড়তে হয়নি। তবে এবার আমাদের শেষ রক্ষা হয়নি।
F/A




