ঢলে তলিয়ে গেছে ৩০০ হেক্টর আমন ধান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

ঢলে তলিয়ে গেছে ৩০০ হেক্টর আমন ধান

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১০/২০২৩ ০৩:৪৮:৪৪ পূর্বাহ্ন

 ঢলে তলিয়ে গেছে ৩০০ হেক্টর আমন ধান

ভারি বৃষ্টি ও ঢলে জৈন্তাপুরে তলিয়ে গেছে আমন ধান


গত দুইদিনের অবিরাম ভারী বর্ষণ ও মেঘালয়ের পাহাড়ি ঢলে জৈন্তাপুরের নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। 

রবিবার (৮ অক্টোবর)  সকাল থেকে ঢলের মাত্রা বৃদ্ধি পেলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়া শুরু হয়। এদিকে ঢলে নদী উপচে পানি ফসলি জমিতে প্রবেশ করতে শুরু করেছে। এতে করে উপজেলার নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের বিস্তির্ণ এলাকায় আমন ফসলের জমি তলিয়ে গেছে।

সরজমিনে দেখা যায়, মাস খানেক আগে চলতি মৌসুমে রোপন করা আমন ধানের সবুজে ছেয়ে গিয়েছিলো উপজেলার কৃষি জমি। কোন কোন জমিতে আগাম চাষে আমনের শীষ বেরনো শুরু করেছিলো। 

সাধারণত অক্টোবর মাসে অতিরিক্ত বৃষ্টিপাত হয় না। সে কারণে বন্যা বা ঢলের সম্ভাবনাও থাকে ক্ষীন। কিন্তু চলতি বছরে অসময়ে ভারি বৃষ্টির কারণে কৃষকদের মাঝে দেখা দিয়েছে দুঃশ্চিতার ভাজ।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তার বলেন, চলতি বছরে উপজেলায় আমন ধানের লক্ষ্যমাত্রা  ১১ হাজার ১৯৫ হেক্টর। কিন্তু অসময় ঢলে রবিবার সকাল পর্যন্ত পঁচানব্বই হেক্টর সম্পুর্ন  ও দুইশত দশ হেক্টর আংশিক আমন ধান পানিতে তলিয়ে গেছে। 

বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এর মাত্রা আরো বাড়বে বলে তিনি জানান। সেই সাথে ১০ হেক্টর জমির শীতকালীন সবজি পানিতে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে শাক জাতীয় ফসলের ক্ষতির পরিমানটা বেশী হবে বলে জানান তিনি।

এছাড়াও শামিমা আক্তার বলেন, আশার কথা হলো জৈন্তাপুরে পাহাড়ি ঢলের পানির স্থায়ীত্বকাল বেশী দীর্ঘ হয় না। যদি দুই তিন দিনের মধ্যে পানি নেমে যায় তাহলে আমন ধানের বড় রকমের কোন ক্ষতির আশঙ্কা নেই। 

তিনি জানান চলতি মৌসুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষক পর্যায়ে উচ্চ ফলনশীল ও রোগপ্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্রি ধান, ৫১,৫২,৭৯ কৃষক পর্যায়ে সরবরাহ করা হয়েছে। এই প্রজাতীর আমন ধান সর্বচ্চ দুই সপ্তাহ পানির নিচে থাকলে নষ্ট হওয়ার আশঙ্কা খুবই কম।

এই কৃষি কর্মকর্তা আরো বলেন, মাঠ পর্যায়ে আমাদের উপ সহকারী কৃষি কর্মকর্তারা বিভিন্ন ইউনিয়নে আমন ফসলি জমিতে কৃষকদের সাথে মনিটরিংয়ে আছেন। তারা মোবাইল ফোনে সার্বক্ষণিক বন্যার অবস্থা ও আমন ক্ষেতের চিত্র ছবি ও ভিডিও করে অফিসে পাঠাচ্ছেন। এই মুহুর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো ঢলের সাথে প্রচুর কাঁদার প্রলেপ মিশ্রিত পানি ক্ষেতে প্রবেশ করছে। পানি নামা শুরু হলে কৃষকদের আমন জমিতে দড়ি কিংবা চিকন লম্বা কাঠি দিয়ে ফসলের উপরিভাগ নেড়ে দেয়া সহ বন্যা পরবর্তী করণীয় সম্পর্কে মাঠপর্যায়ে উপ সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। 

 আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকে বৃষ্টিপাত কমে আসবে। এরপর পানি দ্রূত নেমে গেলে আমন ফসলের বড় ধরণের কোন ক্ষতি হবে না বলে আশা করা হচ্ছে।

ডিডি