কয়েকদিনের টানা বৃষ্টিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তলিয়ে গেছে প্রায় হাজার হেক্টর আমন ধান
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তলিয়ে গেছে প্রায় হাজার হেক্টর আমন ধান। এছাড়া প্রায় ১৯ হেক্টর সবজির জমিও তলিয়ে গেছে।
গত শুক্রবার থেকে মুষলধারে শুরু হওয়া বৃষ্টিপাতে ও বৈরী আবহাওয়ার ফলে পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার কৃষকরা রয়েছেন ফসল হারানোর শঙ্কায়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় ১৭৭৩৩ হেক্টর জমিতে আমন ফসলের আবাদ হয়েছে। গত চার দিনের টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে আংশিকভাবে ১০৯৬ হেক্টর ও সম্পূর্ণভাবে ৪৯৬ হেক্টর আমনের ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া ১৯ হেক্টর নাগা মরিচসহ শীতকালীন সবজি তলিয়ে গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার আলীরগাঁও নোয়াগাঁও, খুরি, লক্ষনছড়া, গাছলাউরা, বাদেবাশা, মনাইকান্দি বুগইলকান্দি পশ্চিমপার, সুলতানপুর, দেড়িখাই বাগাবন্দ ইসলামাবাদসহ বিভিন্ন নিচু এলাকায় উজানের ঢলে গোয়াইন ও পিয়াইন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আকষ্মিক বন্যা দেখা দিয়েছে। এতে নিম্মাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এসব এলাকার রোপা আমন, মরিচ ও শীতের সবজি পানির নিচে তলিয়ে গেছে। হঠাৎ বন্যায় দিশাহারা হয়ে পড়েছে হাজার কৃষক।
কৃষকরা জানান, ভাল ফলনের আশায় কৃষকরা যখন ধান গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ঠিক সময়ের অকাল বন্যা এসে তাদেরকে হতাশায় ফেলেছে।
তারা জানান, বন্যা এড়াতে তারা এবার দেরিতে ধান রোপন করেছেন। অথচ এখন পানিতেই ডুবছে তাদের সোনালী ফসল।
উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন, এই সময়ে সাধারণত বন্যা দেখা যায় না। এবার অসময়ের বন্যায় তলিয়ে গেছে উপজেলার প্রায় হাজার হেক্টর আমন ফসল ও ১৯ হেক্টর নাগা মরিচ সহ শীতকালীন সবজির ফসল।
তিনি জানান, বন্যার পানি দ্রুত চলে গেলে আমন ফসলের ক্ষতির কোন সম্ভাবনা থাকবে না। তবে শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কা রয়েছে।
জাফলং থেকে টুরিস্ট পুলিশের ওসি রতন শেখ জানান,পাহাড়ি ঢলে জাফলং পর্যটন কেন্দ্রে ক্ষুদ্র ব্যবসায়ীদের ভাসমান ৫০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি জানান, বর্তমান পর্যন্ত জাফলং এলাকায় বৈরী আবহাওয়া অব্যাহত আছে।
ডিডি




