এই প্রকল্পটি আগামী জানুয়ারীতে উদ্বোধনের কথা জানিয়েছেন সংশ্লিস্টরা।
বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক ( শুরুতে নাম ছিলো সিলেট হাইটেক পার্ক) প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিলো ৩ বছর। তবে এই প্রকল্প ৭ বছরেও শেষ হয়নি। মেয়াদ বাড়ার ফলে দফায় দফায় বেড়েছে ব্যয়ও।
সম্ভাবনাময় এই প্রকল্পটি আগামী জানুয়ারীতে উদ্বোধনের কথা জানিয়েছেন সংশ্লিস্টরা।
জানা যায়, ২০১৬ সালের ২১ জানুয়ারি সিলেট সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিকভাবে ১৩৪ কোটি দুই লাখ ৬১ হাজার ৫৬ টাকা ব্যয়ে কোম্পানীগঞ্জে দেশের দ্বিতীয় হাইটেক পার্কটির আনুষ্ঠানিক ভিত্তিস্থাপন করেন। ২০১৭ সালের ৮ মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি অনুমোদন করে সরকার।
১৬২ দশমিক ৮৩ একর জমির ৮০ ভাগের মাটি ভরাট ও ড্রেনেজ নির্মাণসহ প্রায় সব কাজ শেষ হয়েছে। কর্মকর্তারা বলছেন, এই প্রকল্পের ভেতরের অন্যতম আকর্ষণ সিলেট কোম্পানীগঞ্জ সড়কের সঙ্গে সংযোগ স্থাপনকারী ক্যাবল ব্রিজটি নির্মাণ করেছে ব্রিক এন্ড ব্রিকস নামের একটি নির্মাণ প্রতিষ্ঠান। সেতুটি হবে দৃষ্টিনন্দন। এ সেতুর দৈর্ঘ্য হবে ৫৩ মি. এবং প্রস্থ ১২.৪৫ মি.। তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ খান পলক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এলাকাটি নিম্নাঞ্চল হওয়ায় এখানে বালু মহল থেকে নৌ-পথে বালু এনে ভূমি উন্নয়নের কাজ করা হয়েছে।
তথ্য অনুযায়ী, যে স্থানে এই হাই-টেক পার্কটি নির্মাণ করা হচ্ছে সেটি হচ্ছে ১৮ থেকে ২০ ফুট গভীর জলাশয়ে। এই জলাশয় ভরাট করতে ৩০ লাখ ৫৮ হাজার ঘনমিটার বালু ফেলা হয়েছে। এতকিছুর পরও বিনিয়োগকারীদের পিছুটান কিছু ভাবিয়ে তুলছে সিলেটের ব্যবসায়ী নেতাদের।
২০১৯ সালের শেষে বিনিয়োগের দ্বার খোলার কথা থাকলেও কভিড মহামারী, বন্যা, নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি বার বার প্রকল্প ব্যয় বৃদ্ধিসহ নানা কারণে আরও চার বছর সময় বেশী লেগেছে। ফলে এ প্রকল্পে বিনিয়োগকারীরা পড়েছেন বিপাকে। উৎপাদনতো দূরের কথা নিজেদের কোম্পানির অবকাঠামো তৈরী না করেই গুণতে হচ্ছে ভাড়া।
সিলেট শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দৃষ্টিনন্দন ডিজাইনের প্রায় ৩১ হাজার বর্গফুটের প্রকল্পটির ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন প্রকল্পের ভূমি উন্নয়ন প্রকল্পের ম্যানেজার মতিলাল হাওলাদার এবং তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দায়িত্বরত ছিলেন ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন। এ পার্কের কাজ শুরুর আগেই বিশ্বমানের সড়ক তৈরী করা হয়েছে বিমানবন্দর থেকে হাইটেক পার্ক পর্যন্ত।
মতিলাল হাওলাদার এ প্রতিবেদককে জানিয়েছিলেন হাইটেক পার্কের ভূমি উন্নয়ন তথা মাটি ভরাটের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর ‘ডক ইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ সে কাজ বাস্তবায়ন করা হয়েছে। সেখানে ৩৩ কেবি এর ৪.৫ কি.মি বৈদ্যুতিক সংযোগ স্থাপন করা হয়েছে। এখন অভ্যন্তরীণ যোগাযোগের জন্য সড়ক সম্প্রসারণ হয়েছে। পানির জন্য গভীর নলকূপ স্থাপনের কাজ শেষ হয়েছে। ৪ হাজার স্কয়ার ফুটের আইসিটি ইনফরমেশন সেন্টারের নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রশাসনিক ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। মূল সড়কের সঙ্গে সংযোগ সেতুর কাজ শেষ হয়েছে। নির্মানাধীন ব্রিজের পাশে ৩১,০৭৭ বর্গফুট আয়তনের দুটি প্রশাসনিক তিনতলা ভবনসহ দুটি ভবন গড়ে উঠেছে। সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছে। ম্যাগডোনাল ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠান ভবন নির্মাণের কাজ করছে।
এদিকে প্রকল্প এলাকার নিরাপত্তায় ইতোমধ্যে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। আনসারদের জন্য স্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সংযোগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
শাহাদাত হোসেন জানান,এ বছর শেষেই বিনিয়োগকারীরা তাদের সকল সুযোগ সুবিধা এখানে পাবেন। যার যার প্লটে কাজ শুরু করতে পারবেন।
এই কর্মকর্তা বলেন, এখানে কাজ করছি বলে বলছিনা, এটি যখন চালু হবে তখন বুঝতে পারবেন কি অসম্ভব সম্ভব হয়েছে।
তিনি আরো জানান, বিভিন্ন উপাদানের মূল্য বৃদ্ধিসহ নানা কারণে প্রকল্পের ব্যয় বরাদ্দ আরো বাড়তে পারে। ২০১৬ সালের জানুয়ারি থেকে প্রকল্পটির কাজ শুরু হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হবার কথা নানা সমস্যায় শেষ পর্যন্ত ২০২৩ সালেই শেষ হচ্ছে প্রকল্পের পুরো কাজ। ২০২৪ সালের জানুয়ারীতেই উদ্বোধন হবার কথা।
ডিডি




