আশা নিরাশার দোলাচলে সিলেটের সিলিকন ভ্যালি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সিলেটের হাই-টেক পার্ক ( পর্ব ২)

আশা নিরাশার দোলাচলে সিলেটের সিলিকন ভ্যালি

মো. ফয়ছল আলম

প্রকাশিত: ০৯/১০/২০২৩ ০৮:৪৪:১১ পূর্বাহ্ন

আশা নিরাশার দোলাচলে সিলেটের সিলিকন ভ্যালি

ছবি : নিজস্ব


সারাদেশে যে ২৮টি হাই-টেক পার্ক করছে সরকার, এর দ্বিতীয়টি বাস্তবায়ন হয়েছে সিলেটে। প্রথমটি হচ্ছে গাজীপুরে। সিলেটে গড়ে উঠা হাই-টেক পার্কে বিশ্বমানের সব সুযোগ সুবিধা প্রদানের অঙ্গিকার করেছেন কর্তৃপক্ষ। তবে সিলেটে এ পর্যন্ত কর্তৃপক্ষের দেয়া কোনো কথাই রাখতে পারেননি তারা। ফলে বিনিয়োগকারীদের মাঝে সন্দেহ-সংশয় তৈরী হয়েছে। আর এ কারণে বিনিয়োগে আসা প্রতিষ্ঠান গুলো থেকে কেউ কেউ মুখ ফিরিয়ে নিচ্ছেন। আবার কেউ কেউ জোরে শোরে এগুচ্ছেন নিজেদের প্রকল্প। ফলে এক ধরণের আশা নিরাশার দোলাচলে দুলছে সিলেটের অপার সম্ভাবনার বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক ।

কেন এই হাইটেক পার্ক: বর্তমান সরকার ঘোষিত রূপকল্প-২০২১ এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নির্ধারিত সময়ের পূর্বে অর্জনের লক্ষ্যে দেশের সকল বিভাগ/জেলায় হাই- টেক/আইটি পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। সে লক্ষ্যকে সামনে রেখে সরকার দেশে ৪০টি হাই-টেক/ আইটি পার্ক স্থাপনের কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এর মধ্যে ঢাকার কারওয়ান বাজারে জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। দেশে বিনিয়োগ বাড়াতে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যেই এই হাইটেক পার্ক বা ইলেকট্রনিক্স সিটি গড়ে তুলছে তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। আর সে লক্ষ্যেই জোরে শোরেই কাজ চলছে সিলেট হাইটেক পার্কের। যেখানে ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইলেকট্রনিক পণ্য, যন্ত্রাংশ এবং সফটওয়ার উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানিই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। এই হাইটেক পার্কের উদ্দেশ্য হবে বিদেশি বিনিয়োগকারীদের সুযোগ সৃষ্টি করে দেয়া।

তাক লাগানো  প্রচার: সিলেটে নির্মানাধীন এ পার্কটি নগর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে হলেও সেখানে যাতায়াতের জন্য তৈরি হয়েছে বিশ্বমানে সড়ক। প্রকল্প শুরুর আগেই শেষ করা হয় এ সড়কের নির্মাণ কাজ। ফলে সেখানে শুরু হয় দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার নানা উদ্যোগ। শুরু থেকেই হাইটেক কর্তৃপক্ষ দাবী করছেন সেখানে হবে ৫০ হাজার মানুষের কর্মসংস্থান। শুধু তাই নয় বিনিয়োগকারীদের নিয়ে সিলেট এবং দেশের বাইরে অনুষ্ঠিত সবকটি প্রচার সভা,সেমিনারে মন্ত্রী থেকে শুরু করে প্রকল্প পরিচালকসহ সকলেই এখানে বিশ্বমানের সুযোগ সুবিধা দেয়া হবে বলে আশ্বস্থ করেছেন। প্রকল্পের প্রসপেক্টাসেও এধরণের নানা লোভনীয় সুযোগ সুবিধার কথা তুলে ধরা হয়।। যা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দেয়া হবে। এখানে বিনিয়োগ করলে লাগবেনা কোনো তদবির, দৌড়ঝাপ। থাকবেনা কোনো ভোগান্তি।

বিনিয়োগ আকৃষ্টে নানা উদ্যোগ : ২০১৬ সালে সিলেট হাইটেক পার্ক করার ঘোষণার পর থেকে এ প্রকল্প বাস্তবায়নে সরকারি এবং বেসরকারি পর্যায়ে চলে নানা উদ্যোগ। ২০১৮ সালের ফ্রেব্রুয়ারি মাসে কোম্পানীগঞ্জে নির্মাণাধীন এ প্রকল্পের অভ্যন্তরের সঙ্গে একটি সংযোগ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ খান পলক। এরপর ঐ বছর ২ সেপ্টেম্বর সিলেট হাইটেক পার্কের অগ্রগতি পরিদর্শন করেন তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। তিনি প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। মন্ত্রী প্রতিমন্ত্রী দুজনেই এ প্রকল্পে বিনিয়োগ করার জন্য তিনি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আহবান জানিয়ে বলেছিলেন, এখানে বিনিয়োগের সুন্দর পরিবেশ থাকবে। বিনিয়োগে কোনো সমস্যা থাকবেনা।

এছাড়া হাইটেক পার্ক অথরিটি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে লন্ডনে একটি সেমিনার করে। সরকারের সংশ্লিষ্ট দপ্তর ছাড়াও সিলেট চেম্বার অব কমার্স এবং ব্রিটিশ বাংলা চেম্বার এ সেমিনার আয়োজনে শরীক ছিলো। সেখানেও সরকারের বর্তমান সরকারের প্রতিমন্ত্রী ইমরান আহমদ উপস্থিত ছিলেন। ওই সেমিনারেও প্রবাসীদেরকে আশ্বস্থ করা হয় বিনিয়োগের সর্বোচ্চ পরিবেশ সেখানে তারা পাবেন। সিলেট চেম্বারের সহযোগিতায় দফায় দফায় বিনিয়োগকারী, সাংবাদিক, পেশাজীবীসহ বিভিন্ন মহলকে নিয়ে সভা  সেমিনার করেন। এসব সেমিনারে বলা হয় কোনো কিছুর জন্য বিনিয়োগকারীকে এই প্রকল্প এলাকা ইলেকট্রনিক্স সিটির বাইরে দৌড়াতে হবে না। এর ভেতরেই থাকবে বিশে^র উপযোগি সকল সুযোগ সুবিধা। এছাড়া দেশে এবং বিদেশে আরো সেমিনার আয়োজনের সিদ্ধান্ত ছিলো সরকারের। সেগুলো আর করা হয়নি। নির্ধারিত সময়ের বাইরে প্রকল্প উদ্বোধন চলে গেলেও এরই মাঝে জুটে যায় বিনিয়োগকারী।

যা যা থাকবে হাইটেক পার্কে : এখানে থাকবে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের আইটি/আইটিএস প্রতিষ্ঠান এবং ডেভেলপারদের প্রতিষ্ঠান। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রশিক্ষণ কেন্দ্র, আইসিটি পার্ক এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক প্রকল্পসহ তিন ধরনের সুবিধা থাকবে। সিলেট হাইটেক পার্কটি দু’ভাগে বিভক্ত থাকবে। একটি অংশে হার্ডওয়ার এবং অপর অংশে থাকবে সফটওয়ার। এ ছাড়া ফাইভ স্টার হোটেল, ব্যাংক, সুইমিংপুল, আবাসন, স্কুল-কলেজ,বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, শপিং সেন্টারসহ ৪০টি স্থাপনা, সেবা ‘প্রতিষ্ঠান ও সুযোগ-সুবিধা থাকার কথা এই প্রকল্পে। পরিবেশ সৃষ্টির মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের আইটি/আইটিএস প্রতিষ্ঠান এবং ডেভেলপার প্রতিষ্ঠানকে আকৃষ্ট করাই ছিলো এর লক্ষ্য। ইতোমধ্যে গ্যাস বিদ্যুৎ ও পানি সংযোগ দেয়া হয়েছে পুরো প্রকল্প এলাকায়। অপটিক্যাল ফাইবারের সংযোগও মিলেছে ইতোমধ্যে। বিশেষ করে সিলেট নগর, সিলেট বিমানবন্দর থেকে দ্রুততম সময়ে যোগাযোগের সিলেট- কোম্পানীগঞ্জ সড়কটিকে বিশ^মানের করে গড়ে তোলা হয়েছে।

মিলেছে বিনিয়োগকারী: নির্ধারিত সময়ে না মিললেও পাওয়া গেছে হাই-টেক পার্কে বড় কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। সিলেটের দু’একটি প্রতিষ্ঠান ছাড়া বাকী সব বিনিয়োগকারী রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন। প্লট বুকিং দিয়েছেন বা বরাদ্দ নিয়েছেন এ পর্যন্ত ১৮টি প্রতিষ্ঠান। এর মধ্যে দুটি প্রতিষ্ঠান তাদের বরাদ্দ পাওয়া প্লট ছেড়ে দেয়ার কথা জানিয়েছেন কর্তৃপক্ষকে। কেউ কেউ আবার কাজ শুরু করেছেন। যারা প্লট বুকিং দিয়েছেন বা বরাদ্দ নিয়েছেন তারা শুরু থেকেই কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক ভাড়া গুণতে হচ্ছে প্রতি মাসের। উৎপাদন ছাড়াই ভাড়া দিতে গিয়ে হিমসিম খাচ্ছেন প্রকল্পের বরাদ্দ গ্রহিতারা। এমনটি অভিযোগ করেছেন অনেক বিনিয়োগকারী। ফলে সিলেটের ব্যবসা বানিজ্যের প্রসারে যে সম্ভাবনার দ্বার খুলেছে বঙ্গবন্ধু হাইটেক পার্ক সেটির কর্তৃপক্ষ প্রদত্ত অঙ্গিকার রক্ষায় কি পদক্ষেপ নেন তারা সেটিই দেখতে চান সিলেটের ব্যবসায়ী নেতারা। 

শেষ পর্বে পড়ুন, বিনিয়োগকারী আর ব্যবসায়ীদের অভিযোগ,দাবী আর প্রত্যাশার কথা।সঙ্গে থাকবে হাই-টেক কর্তৃপক্ষের বক্তব্য।

এম সি