স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪১ PM

দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ঐক্য ও শৃঙ্খলার ওপর জোর

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৫/২০২৬ ১০:২১:২০ PM

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি:সংগৃহীত


আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয়ভাবে প্রতিটি এলাকায় একজন করে প্রার্থী দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমপি। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

শনিবার (২ মে) সন্ধ্যায় সিলেট শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মানুষ মনে করে বিএনপি এখনও সঠিক পথে আছে। এ কারণেই তারা রাস্তায় নেমে আমাদের সমর্থন জানায়। জনগণের এই আস্থা ও বিশ্বাস ধরে রাখতে হবে।’ তিনি আরও বলেন, দলীয় আচরণে যেন সাধারণ মানুষের মধ্যে কোনো অসন্তোষ না তৈরি হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ‘ক্ষমতাসীন দলের কর্মী-এই মানসিকতা থেকে বের হয়ে সবার প্রতি সহনশীল আচরণ করতে হবে,’ যোগ করেন তিনি।

পুলিশি তৎপরতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘কেউ কথা বললেই তাকে ধরে নিয়ে যাওয়া যাবে না। মানুষ তার সমস্যার কথা বলতেই পারে। কোনো অভিযোগ এলেই গ্রেপ্তার-এ ধরনের পরিস্থিতি গ্রহণযোগ্য নয়।’ তিনি জোর দিয়ে বলেন, অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, তবে অযথা হয়রানি বন্ধ করতে হবে।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ জিকে গৌছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, মিফতাহ সিদ্দিকীসহ সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ