উপকূল রক্ষায় গবেষণাভিত্তিক উদ্যোগ জরুরি: শাবিপ্রবি উপাচার্য
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৩ PM

উপকূল রক্ষায় গবেষণাভিত্তিক উদ্যোগ জরুরি: শাবিপ্রবি উপাচার্য

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৬/২০২৬ ০৯:১৪:১২ PM

উপকূল রক্ষায় গবেষণাভিত্তিক উদ্যোগ জরুরি: শাবিপ্রবি উপাচার্য

ছবি:সংগৃহীত


উপকূলীয় অঞ্চল রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণাভিত্তিক কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

বুধবার (তারিখ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সমুদ্রবিজ্ঞান বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন কোস্ট, ক্লাইমেট অ্যান্ড কমিউনিটি’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, এটি বর্তমান সময়ের বাস্তব সংকট। এর প্রভাব ইতোমধ্যে বিশ্বজুড়ে মানুষের জীবন ও জীবিকায় স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘন ঘন ঘূর্ণিঝড়, লবণাক্ততা বৃদ্ধি ও জীববৈচিত্র্যের ক্ষতির মতো নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

তিনি বলেন, এসব সংকট শুধু উপকূলের মানুষের জীবনযাত্রাকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং বৈশ্বিক খাদ্যনিরাপত্তার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।

গবেষকদের উদ্দেশে অধ্যাপক খায়রুল ইসলাম বলেন, উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের অভিযোজন সক্ষমতা বাড়াতে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী চিন্তা ও বাস্তবমুখী ব্যবস্থাপনা কৌশল তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্মেলন ও একাডেমিক সিম্পোজিয়াম থেকে এমন সুপারিশ বেরিয়ে আসা প্রয়োজন, যা সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে সহায়তা করবে।

দুই দিনব্যাপী এই সিম্পোজিয়ামে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক ও বিশেষজ্ঞরা উপকূল, জলবায়ু পরিবর্তন এবং স্থানীয় জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ