ডিপজলের ভাগ্যে কী ঘটেছে? সন্ধানে তৎপর বিজিবি
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩৫ PM

পতাকা বৈঠকেও মেলেনি তথ্য

ডিপজলের ভাগ্যে কী ঘটেছে? সন্ধানে তৎপর বিজিবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৬/২০২৬ ০৮:২৭:২৮ PM

ডিপজলের ভাগ্যে কী ঘটেছে? সন্ধানে তৎপর বিজিবি

প্রতীকী


সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের পর নিখোঁজ হয়েছেন ডিপজল আহমেদ (২৫) নামের এক বাংলাদেশি যুবক। স্থানীয়দের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের গুলিতে তার মৃত্যু হয়েছে এবং মরদেহ সীমান্তের ওপারে রয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে বিএসএফ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ডিপজলের নিখোঁজ হওয়া কিংবা কোনো গুলির ঘটনার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

এ ঘটনাকে ঘিরে সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্ত এলাকায় বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ডিপজলের সন্ধানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে একাধিক দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ডিপজল নিখোঁজ হওয়ার ঘটনায় বিএসএফের সঙ্গে কয়েক দফা পতাকা বৈঠক হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠকেও বিএসএফ জানিয়েছে, সীমান্তের ওপারে কোনো গুলির ঘটনা কিংবা ডিপজল নিখোঁজ হওয়ার বিষয়ে তারা কিছু জানে না।’

তিনি আরও বলেন, ‘ডিপজলের অবস্থান নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। বিএসএফও নিখোঁজ যুবকের সন্ধানে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের দিঘালী গ্রামের আহমদ আলীর ছেলে ডিপজল আহমেদ গত রোববার (১৪ জুন) কয়েকজন যুবকের সঙ্গে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে দেশে ফেরার সময় বিএসএফ সদস্যদের ধাওয়ার মুখে পড়েন বলে স্থানীয়দের অভিযোগ। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা বাংলাদেশে ফিরে আসলেও ডিপজল আর ফেরেননি। এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

স্থানীয়দের অভিযোগ, বিএসএফের গুলিতে ডিপজলের মৃত্যু হয়েছে। তবে ঘটনার পর অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ এ অভিযোগ নাকচ করে দেয়। পরে বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে ডিপজলকে নিয়ে গুলির গুঞ্জন ছড়িয়ে পড়ার পর জকিগঞ্জ সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এরই মধ্যে মঙ্গলবার সকালে ভারতের শ্রীভূমি জেলার রাজারটিলা জিপির অন্তর্গত কিন্নখাল এলাকার বাসিন্দা রঞ্জিত দাস (৬০) নামের এক ভারতীয় নাগরিককে সীমান্তের শূন্যরেখা এলাকা থেকে কয়েকজন যুবক বাংলাদেশে নিয়ে আসেন বলে জানা যায়।

পরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে মঙ্গলবার রাত ৯টার দিকে রঞ্জিত দাসকে অক্ষত অবস্থায় ভারতের কাছে হস্তান্তর করা হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘একজন বাংলাদেশি যুবক ভারতে প্রবেশের পর নিখোঁজ হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। সীমান্তের বিষয় হওয়ায় বিজিবির পাশাপাশি পুলিশও বিষয়টি নজরদারিতে রেখেছে।’

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ: