সংগৃহিত
সিলেট মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলায় ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট মহানগরীর নবাব রোড এলাকায় পিডিবি অফিসের সামনে থেকে মদিনা মার্কেটমুখী একটি ঝটিকা মিছিলের ঘটনায় এ মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, ওই ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে এবং পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ইব্রাহিম মোস্তফা মাহী, সানিয়াত আহমদ, রেদুয়ান আহমদ রাব্বী, আশরাফুল আহমদ শাহী ও সাকির আহমদ।
মামলার বাদী কোতোয়ালী থানার এসআই মাসুদ আহমদ। তিনি সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করেন। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা খান মো. মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এতে ব্যানারে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ‘রাজবন্দীদের মুক্তি’ এবং ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানানো হয়।
পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Sylhet মহানগর পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




