জামালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৭ PM

জামালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৮/২০২৬ ০৬:৫২:১৩ PM

জামালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জামালগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর সাধারণ ও ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ ও গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে পুরস্কারপ্রাপ্তদেরও সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার (২৯ আগস্ট) উপজেলা শিল্পকলা একাডেমিতে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক। প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।

সহকারী শিক্ষা কর্মকর্তা ফারজেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী, শিক্ষানুরাগী আব্দুর রব, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাবিবুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী ও ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদারসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তাঁদের এই অর্জন মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের ফল। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। ভালো ফলাফলের পাশাপাশি সৎ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি বলেন, জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জামালগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত এবং জিপিএ-৫ ও গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী মোট ১১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে ৯১ জন বৃত্তিপ্রাপ্ত এবং ২৮ জন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী।

পরে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলা অডিটোরিয়ামের পাশে বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ