সংগৃহীতi
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ও জননেতা সৈয়দ মো. ফয়সল।সাক্ষাৎকালে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল তাঁর নির্বাচনী এলাকা মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন গ্রামীণ এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগের বিষয়গুলো মন্ত্রীর কাছে তুলে ধরেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ক্ষতিগ্রস্ত গ্রামীণ রাস্তাঘাট, গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন স্থানে সেতু ও কালভার্ট নির্মাণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেন।এ সময় এমপি সৈয়দ মো. ফয়সল বলেন, মাধবপুর ও চুনারুঘাটের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার সঙ্গে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা সরাসরি জড়িত। অনেক এলাকার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কৃষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে কোথাও কোথাও সড়কের অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। ফলে জরুরি ভিত্তিতে এসব সড়ক সংস্কার ও উন্নয়ন করা প্রয়োজন।তিনি আরও বলেন, মাধবপুর-চুনারুঘাটের গ্রামীণ অর্থনীতি কৃষিনির্ভর। ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকলে কৃষিপণ্য বাজারজাতকরণে কৃষকদের সময় ও অর্থ দুটিই বেশি ব্যয় হয়। পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলেও নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তাই এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে গুরুত্বপূর্ণ সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ এবং সংস্কারকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।সাক্ষাৎকালে সংসদ সদস্য তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয়তা তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
মন্ত্রী ড. আব্দুল মঈন খান এমপি সৈয়দ মো. ফয়সলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং মাধবপুর ও চুনারুঘাটের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন বলে জানা গেছে।এ সাক্ষাতের মধ্য দিয়ে মাধবপুর-চুনারুঘাটের দীর্ঘদিনের গ্রামীণ যোগাযোগ সমস্যার সমাধানে নতুন করে আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
জৈন্তাবার্তা/ সুলতানা




