হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫১ PM

হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৮/২০২৬ ০৯:২৪:৩০ PM

হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

সংগৃহীত


হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি।

পরিদর্শনকালে ডিউটিতে অনুপস্থিত থাকায় রিগান হোসেন নামে এক ফার্মাসিস্টকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন তিনি।

শনিবার দুপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সার্জারি বিভাগ, বহির্বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় তিনি রোগীদের চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, দেশের অন্যান্য জেলার হাসপাতালের তুলনায় হবিগঞ্জ সদর হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা খারাপ। এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী তিন সপ্তাহ পর সারাদেশে আবারও হাম প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হবে। হাম প্রতিরোধে শিশুদের যথাযথভাবে টিকার আওতায় আনার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী আরো বলেন, হাম প্রতিরোধে মায়েদের সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি শিশুদের শালদুধ খাওয়ানো নিশ্চিত করতে হবে। শিশুদের যথাযথভাবে টিকার আওতায় আনার পাশাপাশি অভিভাবকদেরও এ বিষয়ে সচেতন হতে হবে।

এদিকে- স্বাস্থ্যমন্ত্রীকে কাছে পেয়ে রোগীরাও হাসপাতালের বিভিন্ন অব্যবস্থা ও সেবার মান নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন মন্ত্রী এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

 মন্ত্রীর হাসপাতাল পরিদর্শনকালে হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব, তত্বাবধায়ক আমিনুল হক সরকারসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/ সুলতানা