গুদামের সিন্ডিকেট ভাঙতে কাজ করছি: খাদ্যমন্ত্রী
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১০ PM

গুদামের সিন্ডিকেট ভাঙতে কাজ করছি: খাদ্যমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৬ ০৭:৪১:১০ PM

গুদামের সিন্ডিকেট ভাঙতে কাজ করছি: খাদ্যমন্ত্রী

সংগৃহীত


খাদ্যগুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, ‘সরকারি বিভিন্ন খাদ্য কর্মসূচিতে নির্ধারিত মূল্যের সঙ্গে প্রকৃত সেবা গ্রহীতাদের প্রাপ্ত অর্থের যে ব্যবধান তৈরি হচ্ছে, তার সুফল কোনোভাবেই সিন্ডিকেটের পকেটে যেতে দেওয়া হবে না।’

আজ রোববার দুপুরে আকস্মিকভাবে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।


খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্যগুদামের সিন্ডিকেট ভেঙে দিতে কাজ করছি। সরকারি খাদ্য কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত সেবা গ্রহীতারা পান, সেটি নিশ্চিত করা হবে।’

সরকারি নির্ধারিত রেটের সঙ্গে প্রকৃত সেবা গ্রহীতারা টনপ্রতি ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত কম পাওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ধরনের অনিয়মের সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে সিন্ডিকেট ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দেশের খাদ্য গুদামগুলোতে অনিয়ম, অব্যবস্থাপনা কিংবা কোনো ধরনের সিন্ডিকেট রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। এ জন্য দেশের বিভিন্ন এলাকার খাদ্য গুদাম পরিদর্শন করা হবে। পরিদর্শনে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সাটুরিয়া খাদ্য গুদামের অবকাঠামোগত সমস্যার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, ‘গুদামটি মেরামতের জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করা হবে। খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে গুদামের সক্ষমতা ও অবকাঠামো ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রয়োজন অনুযায়ী সংস্কার ও মেরামতের উদ্যোগ নেওয়া হবে।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমার চেষ্টা থাকবে দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রাখা। যেকোনো দুর্যোগ, সংকট কিংবা জরুরি পরিস্থিতি মোকাবিলায় যাতে খাদ্য নিয়ে কোনো সমস্যা তৈরি না হয়, সে জন্য পর্যাপ্ত মজুদ নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারি খাদ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করা হবে। গুদামে খাদ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণে প্রতিটি পর্যায়ে নজরদারি বাড়ানো হবে।’

এর আগে খাদ্যমন্ত্রী আকস্মিকভাবে সাটুরিয়া উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন করেন। এ সময় তিনি গুদামের অবকাঠামো, খাদ্য সংরক্ষণ ব্যবস্থা ও সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

খাদ্যগুদাম পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। তার আকস্মিক পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান, মানিকগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব রায়হান, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মুহাম্মদ অনিক ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল আজিজ, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহরমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, সাটুরিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রাবেয়া খাতুন লিজা, সাটুরিয়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাকিল মাহমুদসহ আরও অনেকেই।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক