ওসমানীনগরে রূপা আমন ধান কাটা শুরু, ফলন ভালো হলেও ন্যায্যমূল্য না পাওয়ার অভিযোগ কৃষকের
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

ওসমানীনগরে রূপা আমন ধান কাটা শুরু, ফলন ভালো হলেও ন্যায্যমূল্য না পাওয়ার অভিযোগ কৃষকের

শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর

প্রকাশিত: ১৭/১১/২০২৬ ০৫:১০:৩১ অপরাহ্ন

ওসমানীনগরে রূপা আমন ধান কাটা শুরু, ফলন ভালো হলেও ন্যায্যমূল্য না পাওয়ার অভিযোগ কৃষকের

সংগৃহীত


সিলেটের ওসমানীনগর উপজেলায় শুরু হয়েছে রূপা আমন ধান কাটা। মাঠে মাঠে এখন সোনালি ধানের ছড়াছড়ি। কাস্তে হাতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

এবার উপজেলায় রূপা আমন আবাদ হয়েছে ৮,৭৪৫ হেক্টর জমিতে। যা গত বছরের তুলনায় ৫ হেক্টর বেশি। কৃষি বিভাগের মতে, এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে।ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশ কৃষকরা। সাদীপুর এলাকার কৃষক আতাউর রহমান বলেন, আমরা সারা বছর কষ্ট করে ধান ফলাই, কিন্তু বিক্রির সময় ন্যায্যমূল্য পাই না। সার, বীজ, শ্রমিকের মজুরি বেড়েছে, কিন্তু ধানের দাম বাড়েনি। এভাবে চললে কৃষক বাঁচবে কীভাবে?

তার মতো অনেক কৃষকেরই অভিযোগ, মধ্যস্বত্বভোগীদের কারণে মাঠেই কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার উম্মে তামিমা বলেন, এবার রূপা আমনের ফসল ভালো হয়েছে। আবহাওয়া ভালো থাকলে কৃষকদের ধান তুলতে কোনো সমস্যা হবে না। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি।

তিনি আরও জানান, ধান কাটা পুরোদমে চলছে এবং দ্রুতই কাটা শেষ হবে বলে আশা করা হচ্ছে।

কৃষকরা সরকারি ক্রয় কেন্দ্রে সরাসরি ধান বিক্রির সুযোগ, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং  সার-বীজের দাম নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।

জৈন্তাবার্তা/ সুলতানা