দিরাইয়ে হাওররক্ষা বাঁধ নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

দিরাইয়ে হাওররক্ষা বাঁধ নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০/০১/২০২৪ ১২:৩৩:৫৯ অপরাহ্ন

দিরাইয়ে হাওররক্ষা বাঁধ নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ


দিরাইয়ে হাওররক্ষা বাঁধ নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্প কমিটি গঠন থেকে শুরু করে বিল উত্তোলন পর্যন্ত সব কিছুতেই টাকা দিতে হয় পাউবোর শাখা কর্মকর্তা (এসও) টিএম মোনায়েমকে। নীতিমালার তোয়াক্কা না করে প্রকল্প কমিটি গঠন, অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ, প্রয়োজনের বেশী অর্থ বরাদ্দসহ বিগত বছরের বিল প্রদানে ঘুষ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে।

এদিকে নির্ধারিত সময়সীমার দেড় মাস অতিবাহিত হলেও অনেক বাঁধে কাজই শুরু হয়নি। উপজেলার বৃহৎ ৬টি হাওরের সবকটি ক্লোজার ঝঁুকিপূর্ণ অবস্থায় রয়েছে। এজন্য আগাম বন্যা থেকে বোরো ফসল রক্ষা নিয়ে শংকিত হাওরপাড়ের কৃষকরা।      

কৃষির সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয়রা জানান, এসও মোনায়েম হোসেন দীর্ঘদিন দিরাই থাকার সুবাদে সিন্ডিকেট গড়ে তুলেছেন। এবার নীতিমালার তোয়াক্কা না করে গঠন করা হয়েছে অধিকাংশ পিআইসি। স্থানীয় কৃষকরা এসব পিআইসি সিন্ডিকেটের বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ করলেও তা আমলে নেওয়া হয় নি। নানা অজুহাতে কৃষকদের অভিযোগ ধামাচাপা দেয়া হচ্ছে।  

খোঁজ নিয়ে জানা গেছে, এবার পাউবোর শাখা কর্মকর্তা নিজের খেয়াল খুশিমতো পিআইসি বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। উপজেলার ইউনিয়নে ইউনিয়নে রয়েছে তার সিন্ডিকেট। বরাম হাওরের ৮২ ও ৮৩ নম্বর প্রকল্প এবং টাংনির হাওর প্রকল্পের ২৯ নম্বর পিআইসি  সিন্ডিকেটের অন্যতম সদস্য সাজ্জাদুরের মাধ্যমে বিভিন্ন নামে পিআইসি গঠন করে নিয়ন্ত্রণ করছেন এসও। একজনকে এই তিনটি প্রকল্পের কাজ মোটা অংকের টাকার বিনিময়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সাজ্জাদুরের সাথে আলাপকালে বিষয়টির সত্যতা পাওয়া যায়। তিনটি পিআইসি পাউবোর মাঠ কর্মকতাদের মোটরসাইকেল চালকদের নামে দেওয়া হয়েছে। টাংনির হাওর প্রকল্পের ৩০ ও ৩২ নম্বর এবং চাপতির হাওর প্রকল্পের ২ নম্বর পিআইসি রামপুর গ্রামের এসও’র মনোনীত পিআইসি সিন্ডিকেটের অন্যতম সদস্য নজরুল ইসলামের নিজস্ব লোকদের দেওয়া হয়। এছাড়া বিগত ২২-২৩ অর্থ বছরের পিআইসিদের কাছ থেকে বিল বাড়িয়ে দেওয়ার কথা বলে অর্থ বাণিজ্যের অভিযোগ রয়েছে এসও মোনায়েমের বিরুদ্ধে। 

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা যায়, গেল বছরে টাংনীর হাওররক্ষা বাঁধ প্রকল্পের ৫৯, ৬০ ও ৬১ নম্বর পিআইসির বিল বাড়িয়ে দিয়ে ৩ লক্ষের বেশি টাকা হাতিয়ে নেয়া হয়েছে। একইভাবে বিল বাড়িয়ে দিয়ে ঘুষ বাণিজ্যের বিস্তর অভিযোগ রয়েছে এসও এ টি এম মোনায়েমের বিরুদ্ধে। ৬০ ভাগ কাজ হলে বিল বৃদ্ধি করে ৯৩ ভাগ বিল উত্তোলন করে ভাগ বাটোয়ারা করারও অভিযোগ আছে। বিল বাড়ানোর হিস্যার টাকা ব্যাংক থেকে আনতে রয়েছে তার নিজস্ব লোক। তুফানখালী বাঁধ প্রকল্পসহ উপজেলার বেশ কয়েকটি বাঁধে শেয়ার বাণিজ্য রয়েছে পাউবো’র এই প্রকৌশলীর। এখন পর্যন্ত কাজ শুরু হয়নি টাংনীর হাওর প্রকল্পের ৩২ নম্বর পিআইসি সহ অনেক প্রকল্পে।  

এই অর্থ বছরে উপজেলার ৬টি হাওরে ১১০টি প্রকল্পের অনুকূলে ১৫ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। টাংনীর হাওর রক্ষা বাঁধ প্রকল্পের ৩০ নং পিআইসির সেক্রেটারি রঞ্জু দাস নিজের পিআইসি নাম্বার, বরাদ্দ কিছুই জানে না। তিনি বলেন, সব জানেন নজরুল ইসলাম। এমনকি সেক্রেটারি ভূমিহীন উল্লেখ করে  ইউএনও বরাবরে অভিযোগ করা হয়েছে। অভিযোগ রয়েছে, এই পিআইসি বাঁধের নিকটবর্তী গ্রামের কৃষকদের না দিয়ে ১ কিলোমিটার দূরের গ্রামের লোকজন দিয়ে টাকার বিনিময়ে দেওয়া হয়েছে। 

এ বিষয়ে টাংনীর হাওরের কৃষক সামিনুর চৌধুরী জানান, এসও মোনায়েম ৫০ হাজার টাকায় ৩০ নম্বর পিআইসি দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু প্রথম বিল পেয়ে টাকা দেবার কথা বলায় আরও বেশি টাকা পেয়ে রামপুর গ্রামের ভূমিহীন একজনকে সদস্য সচিব করে তাদের দেওয়া হয়েছে। এদিকে প্রিয়তোষ দাস নামের স্থানীয় কৃষক কে ২৯ নম্বর পিআইসি সরেজমিন প্রকল্প এলাকায় সীমানা বুঝিয়ে দিয়ে সাইনবোর্ড টাঙানোর পরও কাজ দেওয়া হয়নি।  

এ ব্যাপারে প্রিয়তোষ জানান, আমাকে কাজ বুঝিয়ে সাইনবোর্ড পর্যন্ত টাঙানো হয়। বাঁধের পার্শ্ববর্তী বাড়ি থাকা সত্ত্বেও এসও স্যারের চাহিদা মত টাকা না দিতে পারায় আমাকে পিআইসিতে যুক্ত করা হয়নি। আমি মাটি জমি কিনে ক্ষতিগ্রস্ত হয়েছি। জালালপুর গ্রামের লোকজনকে পিআইসি দেওয়া হয়। পিআইসি গঠনে সীমাহীন অনিয়মের অভিযোগ এনে রফিনগর ইউনিয়নসহ অন্যান্য ইউনিয়নের কৃৃষকরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একাধিক অভিযোগ করেছেন ।    

এছাড়া বরাদ্দের অর্থ ভাগবাটোয়ারা করার লক্ষ্যে অক্ষত বাঁধেও প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং বরাদ্দ বাড়িয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষির সাথে সংশ্লিষ্টরা। এদিকে উপজেলার জগদল ইউনিয়নেও রয়েছে পাউবোর ওই কর্মকর্তার লুটের সিন্ডিকেট। সেখানে এক্সকেভেটর (মাটি কাটার মেশিন) ঠিকাদার দেলোয়ারের সাথে রয়েছে মাটি কাটা ও পিআইসির শেয়ার বাণিজ্য। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান, কলিয়ারকাপনের দেলোয়ার হোসেন, জালালপুর গ্রামের উপজেলা যুবদল নেতা সাজ্জাদুরের নিকট থেকে অগ্রিম ঘুষ বাবদ গত জ্যৈষ্ঠ মাসে মোটা অংকের টাকা নিয়ে নেন এসও মোনায়েম।

নীতিমালা অনুযায়ী প্রকল্প এলাকায় সাইনবোর্ডে ১৫ ডিসেম্বর ২০২৩ লেখা থাকলেও ডিসেম্বরে কোন কাজই শুরু করা হয়নি। এমনকি এখনো অনেক বাঁধে কাজ শুরু হয়নি। উপজেলা সদরে চলছে সাইনবোর্ড বানানোর কাজ।

উপজেলা কাবিটা স্কীম বাস্তবায়ন এবং মনিটরিং কমিটির সদস্য সচিব পাউবোর শাখা কর্মকর্তা এ টি এম মোনায়েম হোসেন বলেন, অর্থ বাণিজ্যে সহ পিআইসি সিন্ডিকেট গঠন নিয়ে  আমার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা এবং বানোয়াট। জাতীয় নির্বাচনের কারণে যথাসময়ে পিআইসি গঠন করা সম্ভব হয়নি। বাঁধ এলাকায় পানি থাকার কারণে কাজ শুরু করতে দেরি হলেও যে কোন মূল্যে ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করা হবে। বিল বাড়ানোর বিষয়ে তিনি বলেন,  এসব মিথ্যা অভিযোগ। সমস্ত ডকুমেন্ট আমার কাছে আছে, কোথাও কোন অনিয়ম হয়নি, যথাযথ প্রক্রিয়ায় বিল প্রদান করা হয়েছে। এ পর্যন্ত  ক্লোজারে ৫০ ভাগ মাটি কাটার কাজ শেষ হয়েছে।  

উপজেলা কাবিটা স্কীম বাস্তবায়ন এবং মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান খোন্দকার বলছেন, যোগদান করেই নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করতে হয়েছে। পিআইসি গঠন নিয়ে অনেক ইনফরমেশন পাচ্ছি, যাচাই বাছাই করে দেখছি।  তিনি বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে কোন গাফিলতি সহ্য করা হবে না।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী