সংগৃহীত
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে ‘মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’। অত্যন্ত উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কেজি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত। জগন্নাথপুর উপজেলার ২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হয়। কেন্দ্র দুটি হলো—
১. ড্রিম ফ্লাওয়ার একাডেমি কেজি অ্যান্ড হাই স্কুল এবং
২. ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের বৃত্তি পরীক্ষায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত গ্রামাঞ্চলের মোট ১৯টি কিন্ডারগার্টেন ও শিক্ষা প্রতিষ্ঠানের ৪০৪ জন কোমলমতি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সংশ্লিষ্টরা জানান, বিগত বছরগুলোর তুলনায় এবার শিক্ষার্থী ও অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে ছিল কড়া নজরদারি এবং সুশৃঙ্খল পরিবেশ। একই সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য ছিল চমৎকার ও আরামদায়ক বসার সুব্যবস্থা, যা উপস্থিত অভিভাবকদের মাঝে প্রশংসা কুড়ায়।
পরীক্ষা পরিদর্শনকালে জগন্নাথপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সঞ্জীব রায় এবং সাধারণ সম্পাদক আবুল কাশেম সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, শিশুদের মেধা বিকাশ, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং তাদের প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন। ভবিষ্যতেও শিক্ষা প্রসারে এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় কেন্দ্রগুলোতে আরও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহ-সভাপতি আবুল হক, কোষাধ্যক্ষ মোহাম্মদ শফিক উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা কমিটির সদস্যরা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে আয়োজক কমিটি।
জৈন্তাবার্তা/ সুলতানা




