দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে একজনের মৃত্যু।
সুনামগঞ্জের দিরাইয়ে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আনোয়ার হোসেন (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৫ জন।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন গ্রামের মৃত আরিফ উল্লার ছেলে।
আহতদের মধ্যে সুফি মিয়া, আবুল কালাম, সুজন মিয়া, মেহেদী হাসান, সানোয়ার মিয়া, টিটন মিয়া ও উজ্জল মিয়াকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, নিহত আনোয়ার হোসেনের ভাই সানোয়ার হোসেন, ওয়ারিদ মিয়া ও চাচাতো ভাই সুফি মিয়ার সঙ্গে প্রতিবেশী মনফর মিয়ার (নিহত আনোয়ার হুসেনের বিয়াই) সঙ্গে দীর্ঘদিন ধরে কিছু জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধকৃত জমিতে গতকাল রবিবার মনফর মিয়ার লোকজন ধানের চারাগাছ লাগায়। এ ঘটনায় সোমবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় নিহত আনোয়ার মিয়াসহ গ্রামের লোকজন সংঘর্ষ থামানোর চেষ্টাকালে আনোয়ার হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) শহিদুল হক মুন্সী জানান, নিহত আনোয়ার হোসেনের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হবে। সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।
জৈন্তাবার্তা/জেএ




