বামে অভিযুক্ত সাদিক, ডানে বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ।
সিলেটের কানাইঘাট উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে ছুরিকাঘাতে আলমগীর হোসেন (৩২) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক খুন হয়েছেন।
বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাছবাড়ি বাজারে পল্লীবিদ্যুৎ মোড়ে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের তিনচটি গ্রামের মৃত আলী আহমদ মিস্ত্রীর ছেলে।
জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় অটোরিকশা স্ট্যান্ডের কাছে আলমগীরের অটোরিকশার সঙ্গে একই ইউনিয়নের আকুনি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে সাদিক আহমদের মোটরসাইকেলের ধাক্কা লাগে।
এ নিয়ে আলমগীরের সঙ্গে সাদিক ও তার সঙ্গীর বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে ক্ষুব্ধ সাদিক ও তার সঙ্গী মিলে সঙ্গে থাকা ধারাল ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন আলমগীরকে। এতে ঘটনাস্থলেই আলমগীর মারা যান। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে ঘাতকরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
পরে উত্তেজিন জনতা তাদের মোটরসাইকেলে আগুন দেয়। নিহত আলমগীর হোসেনের লাশ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার হত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জৈন্তাবার্তা/জেএ




