স্বপ্নের বানানো বসতবাড়ি।
বিয়ানীবাজারে দেয়াল কিংবা স্বপ্নের বাসাবাড়িতে ভেজাল রং (পেইন্ট) লাগিয়ে প্রতারিত হচ্ছেন হাজারো ক্রেতা। কয়েক বছর থেকে উপজেলার সর্বত্র ভেজাল রঙের বিস্তৃতি বাড়লেও তাতে প্রশাসনের কোন নজর নেই। অধিক লাভ, কমিশন বাণিজ্য, কোম্পানী কর্তৃক উপঢৌকন প্রদানসহ লোভনীয় নানা অফারে ঠকছেন রং গ্রাহকরা। আর ভেজাল রঙে ড্যাম্প ধরছে দেয়াল, বাসাবাড়িতে। এতে লাখ-লাখ টাকা ক্ষতিগ্রস্থ হচ্ছেন রঙের ক্রেতারা।
সূত্র জানায়, বিয়ানীবাজার পৌরশহরসহ উপজেলার অন্যান্য এলাকায় রঙে ভেজাল মেশানো এবং সেই রং বিদেশি কোম্পানির নামে বাজারজাত করছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। মিস্ত্রীদের (পেইন্টার) কমিশন দিয়ে তারা ভেজাল রঙকে করছেন বিশুদ্ধ। ইটের গুঁড়ায় চকপাউডার মিশিয়ে সিমেন্ট পাউডার ও দেয়ালের রং তৈরি করে দেদারছে বিক্রি করছেন তারা। ভেজাল রং আবার জার্মানির বেয়ার কোম্পানির নামে এবং ইংল্যান্ডের বেশ কয়েকটি নামকরা কোম্পানির নামে কম দামে বাজারজাত করা হচ্ছে। মানবদেহ এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব রঙ বিক্রি করা নিয়ে তাদের কোন অনুশোচনাও নেই। বাজারে ওয়েদারকোট, ইজি ক্লিন, অ্যান্টিড্রার্ট, ওয়াটার সিলার, এসপিডি ও ওয়ালপাট্টি নামের রং রয়েছে। যাদের বেশীরভাগই ভেজাল।
অনুসন্ধানে জানা যায়, খালি চোখে সাধারণ ক্রেতারা ভেজাল রং চিনতে পারবেনা। নিজের বাসাবাড়ি কিংবা প্রয়োজনীয় জিনিস রং করাতে প্রথমে মিস্ত্রীদের ডেকে আনা হয়। তাদের কাছ থেকে রং কেনার হিসাব নিয়ে দোকানে যাওয়ার পর বিশেষ সাংকেতিক চিহ্নের মাধ্যমে মিস্ত্রীর পরিচয় পেয়ে যান বিক্রেতা। এরপর ভেজাল রং বিশুদ্ধ করে তোলার দায়িত্ব ওই মিস্ত্রীর। নিজের পছন্দ করা কালার বিশেষ উপায়ে তৈরী করে দেয়ার নামে বহুমুখি প্রতারণা শুরু হয়। ভেজাল রাসায়নিক দ্রব্য মেশানো, অপর্যাপ্ত মিশ্রণ এবং নিম্নমানের রং মিস্ত্রীর যোগসাজেশে ক্রেতার কাছে সমঝিয়ে দেয়া হয়। এতে ওই মিস্ত্রী পান মোটা অংকের কমিশন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রং মিস্ত্রী জানান, কমিশন নয় বছরে একবার আমাদের উপহার দেয়া হয়। অনুষ্টানের মাধ্যমে কোম্পানীর লোকজনের উপস্থিতিতে এই উপহার আমাদের হাতে তুলে দেন বিক্রেতারা। অপর আরেক রং মিস্ত্রী জানান, কমিশন ছাড়[ প্রতিযোগীতার বাজারে ঠেকা দায়। তবে আমরা বিক্রেতার কাছ থেকে কমিশন নিয়ে থাকি। কোন ক্ষেত্রে কোম্পানীও আমাদের উপহার দেয়।
ছমির উদ্দিন নামের এক ক্রেতা জানান, তার বসতঘরে রং করেছেন মাত্র ৩ মাস আগে। এই সময়ের মধ্যে দেয়ালের অনেক জায়গায় কোন কারণ ছাড়াই রং ফুলে ওঠেছে। কিছু জায়গায় রং পড়ে বিস্ত্রি দেখাচ্ছে। তিনি দক্ষিণ বিয়ানীবাজারের একটি বড় রঙের দোকান থেকে প্রায় ২ লাখ টাকার রং কিনেন। অপর ক্রেতা বশিরুল ইসলাম বলেন, ঘরের রঙেও যে ভেজাল তা আমার জানা ছিলনা। আমি মিস্ত্রীকে বিশ্বাস করে দোকানে নিয়ে যাই। মিস্ত্রী খুব ভালো রং বলে আমাকে ওই দোকান থেকে রং কিনতে আগ্রহী করে তোলে। তিনি অভিযোগ করেন, এখন পলেস্তারা থেকে রং পড়ে যাচ্ছে। কারন জানতে চাইলে ওই রং মিস্ত্রী তাকে বলেছেন, এসব রাজমিস্ত্রীর দোষ। অথচ তিনি খোঁজখবর নিয়ে জানতে পেরেছেন রঙে ভেজাল থাকার কারনে এমন হচ্ছে। নিজের বাথরুমের দেয়ালে রেড অক্সাইড লাগিয়েছিলেন হাসান আহমদ। শুকানোর পর পানির মত তা গলে পড়ছে।
বিয়ানীবাজার পৌরশহরের বেশীরভাগ রঙের দোকানে নিম্নমানের কোম্পানীর রং বিক্রি হচ্ছে। কখনো উন্নত কোম্পানীর রং ক্রেতাদের কাছে বিক্রি করার নামে ভেজাল রং তুলে দেয়া হচ্ছে। আর এসব ভেজাল রং বিক্রি করতে কোম্পানীগুলোও বিক্রেতাদের বড় উপঢৌকন দিচ্ছে। কোম্পানীর কোন প্রতিনিধি ওই দোকানে বসে নিজে রং ব্যবসা মনিটরিং করছেন-এমন অভিযোগও আছে।
এসব বিষয়ে একাধিক রং ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করলেও তারা সায় দেননি। তবে পছন্দের কালার তৈরী করতে কখনো ভেজাল রাসায়নিক ব্যবহার হয়ে থাকতে পারে বলে তারা স্বীকার করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো: আমিরুল ইসলাম মাসুদ জানান, বিয়ানীবাজারের এই বিষয়টি আমার জানা ছিলনা। অচিরেই ভেজাল প্রতিরোধে সেখানে অভিযান পরিচালনা করা হবে।
জৈন্তাবার্তা/জেএ




